হাতির অত্যাচার রোধে মরিচ থেরাপি
খাবারের স্বাদ বাড়াতে মরিচের গুণের কথা সবার জানা। কিন্তু এবার হাতি তাড়াতে জাম্বিয়ার কৃষকরা মরিচের আশ্রয় নিয়েছেন। কৃষকের সাথে হাতির চিরায়ত দ্বন্দ্বে এটি একটি নতুন থেরাপি।
দক্ষিণ জাম্বিয়ার জাম্বেজি উপত্যকায় জমিতে হাতির অত্যাচার ঠেকাতে দরিদ্র কৃষকরা পুরানো ইঞ্জিন তেলের সঙ্গে মরিচ গুঁড়া মিশিয়ে জমির চারপাশের বেড়াতে লাগিয়ে রাখছে। কেবল তাই নয়, রাতে মলের সাথে শুকনা মরিচ মিশিয়ে পোড়ানোও হচ্ছে। তীব্র কটু গন্ধ হাতি পালিয়ে যাবে এ ধারণাতেই এমনটি করছে তারা।
এলিফেন্ট পিপার ডেভেলপমেন্ট ট্রাস্ট্রের প্রকল্প সমন্বয়কারী নিনা গিবসন বলেন, হাতিরা মরিচের গন্ধ মোটেও পছন্দ করে না। হাতির অত্যাচারে আবাদযোগ্য জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই তাদের এমন পদ্ধতি অবলম্বন করেছে তারা। তাছাড়াও ইলেক্ট্রিক বেড়া দিতে খরচ বেশি পড়ে যাবে বলে প্রাকৃতিক পদ্ধতিকেই বেছে নেওয়া হয়েছে। জাম্বেজি উপত্যকার ৮০ জন কৃষক মরিচ প্রকল্পে নিয়োজিত রয়েছে। এজন্য তাদের বাড়তি পয়সাও দেওয়া হচ্ছে।
