পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানের অনেক সময় লাগবে: রিপোর্ট
পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা অর্জন করতে ইরানের আরও বেশ কয়েক বছর সময় লাগবে। লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রকাশিত রিপোর্টে একথা বলা হয়েছে।
ইরানের পারমাণবিক, রাসায়নিক, জীবাণু অস্ত্র এবং দূর-পাল্লার ক্ষেপনাস্ত্র তৈরির ক্ষমতা রয়েছে কিনা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ তার মূল্যায়ন করেছে।
ইরানের অস্ত্র ক্ষমতার ওপর “ইরানস ষ্ট্র্যাটেজিক উইপনস প্রোগ্রামস-এ নেট অ্যাসেসমেন্ট” নামের রিপোর্টে লেখকরা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক লড়াই অবশ্যম্ভাবী হওয়ায় দেশটির রাজনৈতিক প্রতিরক্ষা বেশি দিন টিকবে না। রিপোর্টে ইরান তার প্রায় দীর্ঘ ২০ বছরের অঘোষিত পরমাণু অস্ত্র কর্মসূচির কথা স্বীকার করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টে ৫০’র দশকের শাহের আমল থেকে ইরানের রাজনৈতিক ইতিহাস এবং পরমাণু অস্ত্র কর্মসূচির উৎপত্তির কথা উল্লেখ থাকলেও দেশটির রাজনৈতিক পরিকল্পনার বিষয়ে কিছুই বলা হয়নি।
অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে ইরান কতদূর এগিয়েছে সে বিষয়টির উপর আলোকপাত করেছেন।
অবশ্য ইরান বলেছে, বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের মত কাজে শক্তির যোগান দিতে পারমাণবিক চুল্লির জ্¡ালানি সরবরাহের জন্য তাদের ইউরেনিয়াম দরকার। অবশ্য এ ইউরেনিয়াম দিয়ে মানব বিধ্বংসী বোমাও তৈরি করা যেতে পারে।
রিপোর্টে আরও বলা হয়, পারমাণবিক অস্ত্র উৎপাদনের ক্ষমতা অর্জন থেকে ইরান অনেক দূরে অবস্থান করছে। এক্ষেত্রে পর্যাপ্ত ফিসাইল উপাদান ও কার্যকর ওয়ারহেড তৈরি করতে গিয়ে ইরান কারিগরি ও প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছে।
দেশটির রাসায়নিক ও জীবাণু অস্ত্র সংক্রান্ত কর্মসূচি সম্পর্কে রিপোর্টে বিশেষ কিছু বলা হয়নি। তবে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে উল্লেখযোগ্য বিবরণ এতে দেওয়া হয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপনাস্ত্র উৎপাদন করতে ইরান উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে বলে রিপোর্টে জানানো হয়েছে।
ইরানের শাহাব-৩ নামের মিসাইলটি ইসরাইল, তুরস্কের অধিকাংশ এলাকা এবং রাশিয়ার দক্ষিণাঞ্চলে সফল আঘাত হানতে সক্ষম বলে রিপোর্টে বলা হয়েছে।
