জাপান উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড়
জাপানে মঙ্গলবার এক শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় আঘাত হানলে ১ জন নিহত ও অপর একজন নিখোঁজ রয়েছে। উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে যেতে বলা হয়েছে।
দক্ষিণ জাপানের প্রধান দ্বীপ কাইয়ুশু এবং আরেক দ্বীপ ওকিনাওয়ায় কমপক্ষে নয়জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
টাইফুন নাবি ঘন্টায় ১৪৪ কিলোমিটার বেগে স্থানীয় সময় ৮টায় কাইয়ুশুর দক্ষিণ প্রান্তে মাকুরাজাকির নিকটবর্তী স্থানে আঘাত হানে।
শহরে হাই অ্যালার্ট ঘোষণা করার কথা উল্লেখ করে কাইয়ুশুর কাগোশিমা প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সেখানকার ১১৩০ জন বাসিন্দাকে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই সরে যেতে বলা হয়েছিল।
কাইয়ুশুর পাশ্ববর্তী প্রদেশ মিয়াজাকি থেকেও ৩৪,২৪০ জন অধিবাসীকে সরে যেতে বলা হয়েছিল। এছাড়াও জাপানের অন্যান্য এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
