দুর্গতদের জন্য বড় ধরনের ত্রাণের প্রতিশ্রুতি দিলেন বুশ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ সামুদ্রিক ঝড় ক্যাটরিনায় আক্রান্ত নিউ অরলিন্স অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা পুনরায় পরিদর্শণ করেছেন এবং উপদ্রুত অঞ্চলের জন্য বড় ধরনের ত্রাণ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
বুশ লুইজিয়ানা ও মিসিসিপি এলাকা পরিদর্শণ করেন। তিনি অন্য ১০টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
দুর্গত ও ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করতে দুই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র ও বিল ক্লিনটন দেশব্যাপী তহবিল-সংগ্রহ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন।
এদিকে নিজেদের বাড়িঘরের ক্ষতি পর্যবেক্ষণ করতে হাজার হাজার নিউ অরলিন্সবাসী তাদের বাড়িঘর পরিদর্শণ করেছেন।
চার দিনের মধ্যে দ্বিতীয়বারের মত উপসাগরীয় উপকূল পরিদর্শণকালে বুশ হারিকেন ক্যাটরিনায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের জন্য বড় ধরনের ত্রাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মিসিসিপির পোপলারভিলে সমবেত জরুরি কর্মকর্তাদের উদ্দেশ্যে বুশ বলেন, বহুদিন কাজ করব বলে আমরা এখানে সমবেত হয়েছি।
তিনি বলেন, ক্ষতির ধরন আমি বুঝতে পারি। আমি ধ্বংস বুঝতে পারি। আমি জানি স্বাভাবিক হতে কতদিন লাগবে। তবে আমি আপনাদের সাথে রয়েছি।
ফ্লোরিডা, ওয়েস্ট ভার্জিনিয়া ও ইউতাহ’র ক্যাটরিনা-আক্রান্ত এলাকায় জমায়েতকৃত দুর্গতদের সাহায্যার্থে বুশ দ্রুত ত্রাণ সরবরাহের ঘোষণা দিয়েছেন।
সংকটের মুহূর্তে সরকার বিভিন্ন উপদ্রুত এলাকায় বিলম্বে দুর্গতদের সাহায্যার্থে সাড়া দেয়ায় বুশ প্রশাসন সমালোচনার তোপে পড়েছে। ত্রাণ তৎপরতার প্রচেষ্টাকে বুশ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। তবে তিনি বলেছেন, সরকার সকল পর্যায়ে সবচেয়ে ভাল সেবা দিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
ক্যাটরিনা-আক্রান্তদের জন্য তহবিল-সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার আগে জর্জ বুশ সিনিয়র ও বিল ক্লিনটন টেক্সাসের হাউস্টনে এক বৈঠকে মিলিত হন।
নিউ অরলিন্স মেয়র রে নাগিন বলেছেন, হারিকেন ক্যাটরিনায় মৃতের সংখ্যা যদি দশ হাজার ছাড়িয়ে যায়, তাহলে তা অযৌক্তিক মনে হবে না।
