ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় ৬০ জন নিহত
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলীয় মেদান শহরে সোমবার একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের সময় একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৬০ জন যাত্রী প্রাণ হারিয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
মান্ডালা বিমান সংস্থার বোয়িং ৭৩৭ বিমানটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাওয়ার জন্য উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। এ সময় বিমানটিতে ১০৯ জন যাত্রী ছিল বলে পরিবহন মন্ত্রী হাত্তা রাজাসা জানিয়েছেন। তবে মেট্রো টেলিভিশন জানায়, বিমানটিতে ১৯০ জন যাত্রী ও ক্রু ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়।
দুর্ঘটনাস্থলে উপস্থিত একজন চিকিৎসক সিয়াহরিয়াল আনাস বিধ্বস্ত বিমান থেকে মৃতদেহ সরিয়ে নেওয়ার ব্যাপারে তদারকি করছেন। তিনি জানান, কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছে।
তিনি জানান, আগুনের অত্যাধিক তাপের কারণে বিমানের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করতে সমস্যা হচ্ছে।
