ফ্রান্সে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড, নিহত ১২
প্যারিসে সংস্কার কাজ চলাকালীন সময় একটি সুউচ্চ ভবনে আগুন ধরে গেলে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।
দমকল বাহিনী সূত্র জানায়, রোববার সকালে প্যারিসের দক্ষিণে ভাল ডি মার্ন- এর ১৮ তলা ভবনের প্রবেশ মুখে এ অগ্নিকাণ্ড ঘটে। ১৯৭০ সালের প্রথমে নির্মিত ভবনটির সংস্কার কাজ চলছিল।
প্রায় ২০০ দমকল কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ওই স্থানে একটি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র বসানো হয়েছে।
স্থানীয় সরকারের মুখপাত্র জ্যাঁ লুক মার্ক্স বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এ নিয়ে এপ্রিল থেকে এ পর্যন্ত প্যারিসে চারটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
এর আগে শনিবার দরিদ্রদের জন্য আবাসন ব্যবস্থা এবং উচ্ছেদ পরিকল্পনা প্রত্যাহারের দাবি জানিয়ে হাজার হাজার মানুষ প্যারিসে সমবেত হয়।
