২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের শীর্ষ কমান্ডারদের নাম প্রকাশ

ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস এই প্রথমবারের মত শীর্ষ কমান্ডারদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 08:57 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

হামাস তাদের নিজস্ব ওয়েব সাইট ও সংবাদপত্রে হামাসের শীর্ষ সাত কমান্ডারের নাম, ছবি, পদ মর্যাদা, ভূমিকা এবং প্রত্যেকের সাক্ষাৎকার প্রকাশ করেছে।

ইসরাইল হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখায় কৌশলগত কারণে সংগঠনটি তাদের নাম, পরিচয় বাধ্য হয়ে গোপন রেখেছিল।

গাজা উপত্যকা ও পশ্চিম তীর থেকে ইসরাইলি বসতি প্রত্যাহারের কৃতিত্ব নিতেই হামাস তার শীর্ষ কমান্ডারদের বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে বলে বার্তা সংস্থাগুলো জানিয়েছে।

১৯৯০ সালের শেষের দিক থেকেই হামাস ইসরাইলের বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে আসছে।

সাত কমান্ডারের জীবন বৃত্তান্ত, পদ মর্যাদা, ইসরাইলের জেলে তাদের অতিবাহিত সময় এবং কতবার তারা হত্যার ষড়যন্ত্র থেকে বেঁচে এসেছেন তার বিররণ ওয়েব সাইটে ও সংবাদপত্রে দেওয়া হয়েছে।

হামাসের শীর্ষ সাত কমান্ডাররা হলেন : মোহাম্মদ দেইফ (প্রধান), আহমাদ আল-জাবারি (প্রধান ডেপুটি), মারওয়ান ইসা (কেন্দ্রীয় গাজা উপত্যকা), রায়েদ সাদ (গাজা শহর), আহমেদ ঘালদুর (উত্তরাঞ্চলীয় গাজা উপত্যকা), মোহাম্মদ আবু শামালা (দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকা), এবং মোহাম্মদ আল--সানওয়ার (খান ইউনিস)।

সাক্ষাৎকারে আহমেদ ঘালদুর (৩৮) বলেন, ইসরাইলি বসতি প্রত্যাহারের পরবর্তী পর্যায় খুবই কঠিন হবে। আমাদেরকে আরও শক্তিশালী হতে হবে এবং অপেক্ষা করতে হবে। আমাদের আরও প্রশিক্ষণ দরকার।

গাজার হামাসের সামরিক কমান্ডার রায়েদ সাদ (৩৩) বলেন, আমরা ইহুদিদের হাত থেকে নিরাপদ নই বিধায় আমাদের সংগঠনগুলো সীমান্তে নজরদারি অব্যাহত রাখবে। আমাদের শত্র“রা বসতি প্রত্যাহারের পরও ফিরে আসতে পারে।