হারিরি হত্যাকাণ্ডে সন্দেহভাজন চার সিরিয়াপন্থী সামরিক কর্মকর্তা অভিযুক্ত
লেবাবনের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকান্ডের সাথে জড়িত চার সন্দেহভাজন সিরিয়াপন্থী সামরিক জেনারেলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করা হয়েছে। লেবাননের সরকারি কৌসুলি ওই চার সেনা কর্মকর্তার বিরুদ্ধে হারিরিকে হত্যার অভিযোগ উত্থাপন করে।
হারিরি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ গত সপ্তাহে সাবেক জেনারেল সিকিউরিটির প্রধান মেজর জেনারেল জামিল আল--সাইয়াদ, সাবেক পুলিশ প্রধান মেজর জেনারেল আলী হাজ, সাবেক সামরিক গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রেমন্ড আজার এবং রিপাবলিকান গার্ড কমান্ডার মুস্তাফা হামদানকে আটক করে।
হারিরির হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে গঠিত আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রধান ডিটলেভ মেহলিসের নির্দেশে চার সামরিক জেনারেলকে আটক করা হয়। মেহলিস জানিয়েছেন, ওই চার সামরিক জেনারেলের বিরুদ্ধে হারিরিকে হত্যার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
তবে মেহলিস বলেছেন, গ্রেপ্তারকৃত চারজন হচ্ছেন একটি ছবির অংশ বিশেষ মাত্র। এর জন্য আরও তদন্ত প্রয়োজন।
হারিরির সমর্থকরা তার হত্যাকাণ্ডের জন্য সিরিয়াকে দায়ী করেছে। তবে দামেস্ক সরকার এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
হারিরি হত্যাকাণ্ডের সাথে সাথে লেবাননের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়। এক পর্যায়ে দেশটিতে মোতায়েনকৃত সিরীয় সামরিক বাহিনী ও গোয়েন্দা সদস্যরা লেবানন ত্যাগ করতে বাধ্য হয়।
এক সময়ের প্রভাবশালী এই চার জেনারেলকে লেবাননের একটি তদন্ত দল শুক্রবার জিজ্ঞাসাবাদ করে।
মেহলিসের মতে, প্রাপ্ত প্রমাণ ও স্বীকারোক্তি এটাই প্রমাণ করে যে, অভিযুক্ত চার সামরিক জেনারেল লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেঁধে দেওয়া তদন্ত কমিটি প্রধান মেহলিসের মেয়াদ ১৫ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। তবে তদন্তের স্বার্থে তার মেয়াদ বাড়তে পারে বলে জার্মান এই সরকারি কৌসুলি জানিয়েছেন।
