নিউ অরলিন্সের ক্যাটরিনা-আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান
নগরীর কনভেনশন সেন্টারে আশ্রয় নেওয়া হ্যারিকেন ক্যাটরিনায় আক্রান্ত নিউ অরলিন্সের দুর্গতদের পাশে দাঁড়াতে মেয়র রে ন্যাগিন আহ্বান জানিয়েছেন।
হ্যারিকেন ক্যাটরিনার ভয়াবহ ছোবলের কারণে কমপক্ষে ২৫ হাজার মার্কিন নাগরিক কনভেনশন সেন্টারে আশ্রয় নিয়েছে।
রাজ্যের আইন--শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্যের গভর্নর নিরাপত্তা বাহিনীর ৪০,০০০ সদস্যকে তলব করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ জরুরি ভিত্তিতে ১০ দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন। শুক্রবার তার নিউ অরলিন্সের বিভিন্ন উপদ্রুত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।
কংগ্রেস প্রেসিডেন্টের ঘোষিত অনুদানের পক্ষে দ্রুত অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য এই অর্থ ব্যয় করা হবে।
অর্থনৈতিক সহায়তার আবেদন জানিয়ে প্রেসিডেন্ট বুশ বলেছেন, নিউ অরলিন্সের অধিবাসীদের জন্য খুব ভয়াবহ একটি সময় যাচ্ছে এখন। তিনি দুর্গতদের কাছে দ্রুত সাহায্য পৌঁছানোর প্রতিশ্র“তি দিয়েছেন।
নিউ অরলিন্সের কয়েক শ’ মানুষ পানিতে ডুবে নিহত হয়েছে বলে আশংকা করা হচ্ছে। তাদের অধিকাংশ এখনও পানির নিচে রয়েছে। মিসিসিপিতে ১১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এমন কী তা হাজারও ছাড়িয়ে যেতে পারে।
মানুষের বিপদের সুযোগ নিয়ে এক শ্রেনীর সুযোগসন্ধানী লোক চুরি, ছিনতাই, লুটপাটসহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছে।
পুলিশ প্রধান এডি কম্পাস জানিয়েছেন, মহিলারা ধর্ষণের শিকার হচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
শহরে বিদ্যুত লাইন এখনও বিচ্ছিন্ন। দুর্গতদের খাবার ও বিশুদ্ধ পানির জন্য রীতিমতো লড়াই করতে হচ্ছে।
উপদ্রুত এলাকা থেকে দ্রুত সবাইকেই সরিয়ে নেওয়ার মেয়র নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, অধিবাসীদের বাড়িতে ফিরতে কয়েক মাস সময় লেগে যাবে।
সোমবার যখন হ্যারিকেন ক্যাটরিনা নিউ অরলিন্সে আঘাত হানে তখন থেকেই কমপক্ষে দশ লাখ লোক তাদের বাড়ি--ঘর ত্যাগ করেছে। তারপরও এক লাখ লোক নিজেদের বাড়ি--ঘরে রয়ে গেছে।
