ভিক্টোরিয়া বেকহ্যাম বইও পড়েন
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের স্ত্রী ‘পশ স্পাইস’ খ্যাত ভিক্টোরিয়া বেকহ্যাম বই পড়েন না, এ কথা ঠিক নয়।
ভিক্টোরিয়া বই পড়েন না বলে সম্প্রতি এক ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে বুধবার একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ভিক্টোরিয়া এ তথ্য জানান। ওই ম্যাগাজিনে ভিক্টোরিয়ার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমি জীবনে কোনও বই-ই পড়িনি।’
তবে তিনি স্বীকার করেছেন যে, কোনও বই পড়া শুরু করলে প্রায়ই তা পড়ে শেষ করতে পারেন না। তিনি বলেন, আমার মতো তিন বাচ্চার মায়েরা নিশ্চয় বুঝেন কেন আমি পড়া শুরু করেও কোনও বই শেষ করে উঠতে পারি না।
তিনি বলেন, আমরা এক সাথে বই পড়ি। ছেলে রোমিও ও ব্রুকলিন দু’জনেই গল্পের বই পড়তে ভালোবাসে। তারা বেশ কিছু স্প্যানিশ শব্দও আয়ত্ত করে ফেলেছে। আর ছোট্ট ক্রুজের বয়স তো মাত্র ছয় মাস। তাদের সংগ্রহে কয়েকটি স্প্যানিশ বই রয়েছে বলে জানান তিনি।
গত দু বছর ধরে স্পেনে বসবাস শুরু করলেও কয়েক মাস ধরে তিনি স্প্যানিশ ভাষা শেখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ভিক্টোরিয়াকে ফ্যাশনের প্রতি আসক্ত বলা হলেও তিনি বলেন, বাড়িতে তারা খুব সাদামাটা জীবনযাপন করেন।
