টাইফুন তালিমের আঘাতে তাইওয়ান বিপর্যস্ত
তাইওয়ানে বৃহস্পতিবার ঘূর্ণিঝড় তালিমের আঘাতে বিপর্যয় নেমে আসে। বিমান এবং যান চলাচল অচল হয়ে পড়ে, স্কুল ও অফিস বন্ধ হয়ে যায় এবং কমপক্ষে একজন নিহত ও ২৪ জন আহত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থা।
টাইফুন তালিম আঘাত আনার সময় ভারি বৃষ্টি হয় এবং বাতাসের গতিবেগ ছিল প্রচন্ড। ১২ লাখ বাড়ীঘরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ছয় লাখ ২০ হাজার লোক পানি সরবরাহ থেকে বঞ্চিত হয়।
দেশের সকল বিমানবন্দর ও ট্রেন সার্ভিস বন্ধ হয়ে যায়। সরকারি অফিস, স্কুল এবং বাণিজ্যিক কেন্দ্রগুলো কার্যত বন্ধ ছিল। দুর্যোগ ব্যবস্থা কেন্দ্র জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান পরিবহন আবার চালু হতে পারে।
টাইফুনের ফলে পাহাড় থেকে সমতল ভূমিতে পাথর গড়িয়ে পড়ে এবং বিভিন্ন শহরে বন্যা দেখা দেয়। জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তালিম ঘূর্ণিঝড়টি তাইওয়ান ছেড়ে চীনের দক্ষিণ-পূর্ব দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে।
