হাইড্রোজেন চালিত গাড়ীর দিকে ঝুঁকছে ভারতের নির্মাতারা
ভারতের টাটা, মহিন্দ্র এন্ড মহিন্দ্র ও ইচারের মতো বৃহৎ গাড়ী নির্মাণ প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে যানবাহনে হাইড্রোজেন জ্বালানি হিসেবে ব্যবহার করতে রাষ্ট্রীয় তেল কর্পোরেশন (ইন্ডিয়ানওয়েল)-এর সাথে যৌথভাবে হাত মিলিয়েছে।
ইন্ডিয়ানওয়েল কর্মকর্তা জানান, রাজধানী দিল্লিতে খুব শীঘ্রই তিন চাকার গাড়ীতে কমপ্রেসড প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) সাথে হাইড্রোজেন জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। তবে বাণিজ্যিকভাবে ব্যাপক সংখ্যক গাড়িতে পরিবর্তন এনে জ্বালানি হিসেবে হাইড্রোজেন এখনই ব্যবহার করা হবে না।
তিনি জানান, “যানবাহনে জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের অভিজ্ঞতা এবং উদ্যোগ এটাই আমাদের প্রথম। আমাদের এই প্রচেষ্টা গবেষণায় ও সীমিত পরিসরে এখন পরীক্ষামূলকভাবে চালানো হবে। হাইড্রোজেন ব্যবহারের মাধ্যমে সিএনজি-র দাহ্য ক্ষমতার উন্নয়ন এবং নাইট্রোজেন অক্সাইড-এর মাত্রা কমিয়ে আনা হবে।”
আগামী ১০ সেপ্টেম্বর সিএনজি-র সাথে হাইড্রোজেন মিশিয়ে রাজধানীতে পরিবহনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রি মণি শঙ্কর আয়ার। বিশ্বের গুটি কয়েক দেশের মধ্যে ভারত হচ্ছে অন্যতম যারা আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহার করতে যাচ্ছে।
