২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামের চেয়ে ইরাক যুদ্ধে মাসিক ব্যয় বেশি-প্রতিবেদন

গত ৬০ বছরের ইতিহাসে ইরাক যুদ্ধ সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 02:29 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

৬০ ও ৭০-এর দশকের ভিয়েতনামে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের মাস প্রতি গড় ব্যয়ের তুলনায় ইরাক যুদ্ধের মাসিক ব্যয় বেশি। ‘ইনষ্টিটিউট ফর পলিসি স্টাডিজ অ্যান্ড ফরেন পলিসি ইন ফোকাস’ কর্তৃক বুধবার প্রকাশিত ‘দ্য ইরাক কোয়াগমায়ার’ নামক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

উদারপন্থী ও যুদ্ধ-বিরোধী সংগঠনগুলোর মতে, ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মাসে খরচ হচ্ছে পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার। অপরদিকে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনীর গড়ে মাসে খরচ হত পাঁচ দশমিক এক বিলিয়ন ডলার।

অবশ্য ভিয়েতনাম যুদ্ধে মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ১২ শতাংশ ব্যয় হয়েছে। অপরদিকে ইরাক যুদ্ধে ব্যয় হচ্ছে দুই শতাংশ। তবে পরবর্তী দশ বছরে ইরাক যুদ্ধের অনুমিত ব্যয় দ্বিগুন হয়ে যেতে পারে বলে অর্থনীতিবিদরা ধারনা করছেন।

মার্কিন কংগ্রেস ইরাক যুদ্ধের জন্য ২০৪ দশমিক চার বিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে। আরও অতিরিক্ত ৪৫ দশমিক তিন বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হবে বলে জানা গেছে।

প্রতিবেদনের লেখকদ্বয় ফাইলিস বেনিস ও এরিক লিভার জানান, ৬০ বছরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণের মাথাপিছু ৭২৭ ডলার ব্যয় হচ্ছে।

ভিয়েতনাম যুদ্ধে সর্বমোট খরচ হয়েছে ৬০০ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদনে প্রাণহানির উপরও আলোকপাত করা হয়েছে। ইরাক যুদ্ধে প্রাণ হারিয়েছে ২৩ থেকে ২৭ হাজার বেসামরিক ইরাকি এবং দুই হাজারেরও বেশি মার্কিন সামরিক-বেসামরিক লোকজন।