টোরি প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন ক্লার্ক
সাবেক ব্রিটিশ চ্যান্সেলর কেন ক্লার্ক বিরোধী দল কনজারভেটিভ পার্টি প্রধানের পদে তৃতীয়বারের মত প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদপত্র দ্য ডেইলি মেইলের সাথে এক সাক্ষাৎকারে ক্লার্ক এ ঘোষণা দেন।
রুশক্লিফের পার্লামেন্ট সদস্য কেন ক্লার্ক (৬৫) তার ইউরোমুখী নীতির কারণে ১৯৯৭ ও ২০০১ সালে কনজারভেটিভ পার্টির প্রধান নির্বাচিত হতে পারেননি। তবে ব্রিটেনের ইউরো সদস্য বিতর্কে ভাটা পড়ার কারণে তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে ক্লার্ক মনে করছেন।
স্যার ম্যালকম রিফকাইন্ড ক্লার্কের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। স্যার রিফকাইন্ড নিজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ক্লার্কের সহকর্মী টিম ইয়ো বলেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও অর্থমন্ত্রী গর্ডন ব্রাউনের জন্য ক্লার্ক শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিতে গিয়ে ক্লার্ক ডেইলি মেইল পত্রিকাকে জানান, বর্তমান নিউ লেবার সরকারের অধীনে ব্রিটেন যেভাবে পরিচালিত হচ্ছে, আমরা সে তুলনায় অনেক ভাল করতে পারব।
ক্লার্ক বলেন, ব্রিটেনের সুস্থ্য রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে গেছে। কনজারভেটিভ পার্টিকে এর জন্য কিছু করতে হবে। আর আমিই সেই ব্যক্তি, যে কিছু করার ক্ষমতা রাখে।
১৯৯৭ সালের টোরি নেতৃত্বের নির্বাচনে তিনি উইলিয়াম হগের কাছে ও ২০০১ সালে ডানকান স্মিথের কাছে হেরে যান।
চলতি বছরের মে মাসে পার্লামেন্ট নির্বাচনে পরাজয়ের কারণে কনজারভেটিভ পার্টি প্রধান মাইকেল হাওয়ার্ড দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াবার ইচ্ছা ব্যক্ত করেন।
ক্লার্ক দলের শীর্ষ নেতাদের একজন। তিনি বিভিন্ন সময়ে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।
ছায়া ক্যাবিনেট মন্ত্রী ডেভিড ডেভিস, ডেভিড ক্যামেরন, লিয়াম ফক্স, অ্যান্ড্রি লান্সলি, তেরেসা মে ও ডেভিড উইলিটসের সাথে ক্লার্ককে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
বেশি বয়স ও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে অনমনীয়তার কারণে ক্লার্কের সমালোচকরা তাকে কনজারভেটিভ পার্টির প্রধানের পদের জন্য অযোগ্য ভাবছেন।
সিগারেট ব্যাবসার সাথে জড়িত থাকার জন্য অনেকে তার বিরোধিতা করতে শুরু করেছেন। ক্লার্ক ব্রিটিশ আমেরিকান টোবাকোর সহকারি চেয়ারম্যান।
