সংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে পোল্যান্ড
পোল্যান্ড বুধবার বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিতিতে সংহতি আন্দোলনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে।
সংহতি আন্দোলনের নেতা ও পোল্যান্ডের প্রেসিডেন্ট ওয়ালিসা ও তার শ্রমিক ইউনিয়নের সহকর্মী-অনুসারীরা যে স্থানটিতে ২৫ বছর আগে সংহতি আন্দোলনের সূচনা করেছিলেন, বুধবার সকালে সেই গানস্ক শিপইয়ার্ডে গণজমায়েত অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বারাসো ও জার্মানির প্রেসিডেন্ট হোর্স্ট কোহলার উপস্থিত থাকবেন।
১৯৮০ সালের ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়া সংহতি আন্দোলন ইউরোপে সমাজতন্ত্রের পতনে বড় ধরনের ভূমিকা রাখতে সমর্থ হয়েছিল।
সংহতি আন্দোলন প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই তা জাতীয় রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়।
উত্তেজনাপূর্ণ নয় বছরের আন্দোলনের শেষে সংহতি আন্দোলনের নেতৃবৃন্দ সমাজতান্ত্রিক নেতৃবৃন্দের সাথে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হন। এর কয়েক মাস পরেই বার্লিন দেয়ালের পতন ঘটে।
প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষ্যে গানস্ক শিপইয়ার্ডে তিনদিনের গণজমায়েত অনুষ্ঠিত হবে।
আর্চবিশপ ক্রাকোর নেতৃত্বে কমপক্ষে ২০টি দেশের রাষ্ট্র প্রধান, সংহতি আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক কর্মীরা বুধবার সকালের গণজমায়েত অনুষ্ঠানে মিলিত হবেন।
সমাজতন্ত্রের পতনের পিছনে রোমান ক্যাথলিক চার্চ যে ভূমিকা রেখেছিল তা এ অনুষ্ঠানে স্মরণ করা হবে। বিশেষ করে পোল্যান্ডের ক্যারোল উজতিয়ালার কীর্তি। ক্যারোল তখন নির্বাচিত পোপ ছিলেন।
উদযাপন অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ওয়ালিসা সংহতি আন্দোলনের প্রতিষ্ঠা সম্পর্কে বক্তব্য করেন। তিনি বলেন, ইতিহাস যতই এগিয়ে যাবে, সংহতি আন্দোলনের গুরুত্ব ততই পরিস্কার হবে।
ওয়ালিসা বলেন, সংহতি আন্দোলনের সূচনা না হলে ইউরোপীয় ইউনিয়ন এত বিস্তৃত হত না এবং দ্বিখন্ডিত জার্মানির পুনরেকত্রীকরণ সম্ভব হত না।
তিনি আরও বলেন, পোল্যান্ড যদি সোভিয়েত ইউনিয়নের বিষদাঁত ভেঙ্গে না দিত, তাহলে অনেক দেশই স্বাধীনতা অর্জন করতে পারত না।
