২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন বিমান হামলায় ৫৬ জন আল-কায়দা জঙ্গি নিহত

ইরাকে মঙ্গলবার মার্কিন বিমান হামলায় সন্দেহভাজন ৫৬ জন আল-কায়দা সন্ত্রাসী নিহত হয়েছে। খুব ভোরে সিরিয়া সীমান্তের কাছে এ হামলা চালানো হয় বলে ইরাকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন বার্তা সংস্থা এ খবর জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এক সপ্তাহের মধ্যে গেরিলাদের বিরুদ্ধে দ্বিতীয়বারের বড় ধরনের হামলা চালানো হল।

ইরাকি নিরাপত্তা সূত্র জানায়, সিরিয়া সীমান্তের কুইম অঞ্চলে মার্কিন বাহিনীর এই বিমান হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। তবে মার্কিন বাহিনী হতাহতের সঠিক কোনও সংখ্যা জানায়নি।

বাগদাদের একজন মার্কিন সেনা মুখপাত্র জানান, সন্ত্রাসীদের তিনটি নিরাপদ ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এ হামলায় আবু ইসলাম (আল-কায়দা সন্ত্রাসী) ও তার বেশ কিছু সহযোগী নিহত হয়েছে।

ওই মুখপাত্র আরও বলেন, আল-কায়দা সন্ত্রাসীদের লুকিয়ে থাকার তিনটি স্থান লক্ষ্য করে কমপক্ষে আটটি বোমা ফেলা হয়।

শুক্রবারেও মার্কিন বাহিনী গেরিলা অধ্যুষিত আল-আনবার প্রদেশে আল-কায়দা সন্ত্রাসীদের বিরুদ্ধে একই ধরনের হামলা চালায়।

ওই মুখপাত্র বলেন, আল-কায়দা নেতা আবু মুসাব আল-জারকাবির নেতৃত্বাধীন প্রায় ৫০ জন জঙ্গি সীমান্ত শহর হাসিবিয়ায় লুকিয়ে রয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকৃতি জানান।