সংস্কার পরিকল্পনা নিয়ে জাতিসংঘ রাষ্ট্রদূতদের সপ্তাহব্যাপী আলোচনা শুরু
জাতিসংঘের ৩২টি সদস্য দেশের রাষ্ট্রদূতরা মধ্য সেপ্টেম্বরে বিশ্ব সম্মেলন উপলক্ষ্যে সোমবার থেকে জাতিসংঘের সদর দপ্তরে সপ্তাহব্যাপী বৈঠকে বসেছেন।
বৈঠকে তারা দারিদ্র্য, মানবাধিকার সংকট, সন্ত্রাসবাদ, পরমাণু নিরস্ত্রীকরণ এবং সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করবেন।
বৈঠকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্টদূত জন বোল্টন ৩৯ পৃষ্ঠাব্যাপী ড্রাফটে পাঁচশ’র বেশি সংশোধন ছাড়াও বেশ কয়েকটি চিঠি উপস্থাপন করেন। এছাড়া তিনি বৈঠকে সন্ত্রাসবাদ ও উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাবের কথা তুলে ধরেন।
জন বোল্টন আরও বলেন, আমি আশাবাদী যে, আমরা আলোচনা করে সকল বিতর্কিত বিষয়ের একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব এবং এক্ষেত্রে আমাদের সদস্য দেশগুলোর মধ্যে একটি সমঝোতাও হবে।
গত ছয় মাস ধরে জাতিসংঘের এসব বিষয়গুলো নিয়ে সদস্যদেশগুলোর আলোচনা হয়েছে। বৈঠকের সারসংক্ষেপ আগামী ১৪-১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব সম্মেলনে উপস্থাপিত করা হবে। সম্মেলনে ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা যাচ্ছে। বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেন, চলমান আলোচনা জাতিসংঘকে পুনরুজ্জীবিত করবে এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সদস্য দেশগুলোর কী করণীয় সে ব্যাপারে একটি দিক নির্দেশনা দেবে।
বৈঠকে সিরিয়ার রাষ্ট্রদূত ফয়সাল মেকদাদ বলেন, আমরা প্রায় ছয় সপ্তাহ ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছি। আমরা ভাবছি যে, এসব বিষয়গুলো নিয়ে আমরা একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছার চেষ্টা করছি।
জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়নের আওতায় ২০১৫ সালের মধ্যে বিশ্বব্যাপী দারিদ্র্য, এইচআইভি/এইডস মোকাবেলা এবং সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার বিষয়ে সদস্য দেশগুলো একমত পোষণ করেছে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ও ব্রিটিশ রাষ্ট্রদূত ইমায়ার জোনস পেরি আশাবাদ ব্যক্ত করেন যে, মৌলিক বিষয়গুলো নিয়ে সকল সদস্য দেশ একমত পোষণ করবে।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত দোমিসানি কোমালো বলেন, আমরা জাতিসংঘের মাধ্যমে কাজ করতে চাই। কিন্তু প্রতিবছর সদস্য দেশগুলোর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও বাস্তবে অগ্রগতি খুবই কম।
