২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স ও বেলজিয়ামের ব্ল্যাকলিস্ট বিমানের তালিকা প্রণয়ন

ফ্রান্স ও বেলজিয়াম কয়েকটি দেশের বিমানকে ‘ব্ল্যাকলিস্ট’ ঘোষণা করেছে এবং ওই দেশগুলোর বিমানকে তাদের বিমান বন্দরে অবতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 11:06 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

গত কয়েক মাসে পাঁচটি বড় ধরনের বিমান দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ফ্রান্স ও বেলজিয়াম এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভার্জিন আইল্যান্ড, উত্তর কোরিয়া, মোজাম্বিক, লাইবেরিয়া, মিশর, আর্মেনিয়া, কঙ্গো, লিবিয়া, নাইজেরিয়া, ঘানা, রুয়ান্ডা, ইউক্রেন এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বিভিন্ন কোম্পানির বিমানকে এই তালিকায় রাখা হয়েছে।

রোববার ফ্রেঞ্চ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (ডিজিএসি) তাদের ওয়েবসাইটে এই তালিকা ঘোষণা করে। বেলজিয়ামও একই সিদ্ধান্ত নিয়েছে।

উত্তর কোরিয়ার এয়ার কোরিয়, ভার্জিন আইল্যান্ডের এয়ার সেন্ট টমাস, লাইবেরিয়ার এয়ার সার্ভিস, থাইল্যান্ডের ফুকেট এয়ারলাইন্স, মোজাম্বিকের লিনহাস এরিয়াস ডি মোজাম্বিক ও ট্রান্স এয়ারওয়েজ এখন থেকে আর ফ্রান্সের মাটি স্পর্শ করতে পারবে না।

কয়েক বছর ধরে ফ্রান্সে সব ধরনের বিমান অবতরণ নিষিদ্ধ থাকলেও জনসম্মুখে ব্ল্যাকলিস্ট প্রকাশ করেনি ফ্রান্স। ভেনিজুয়েলায় কলাম্বিয়ার তালিকাভুক্ত চার্টার প্লেন ক্র্যাশ করলে ১৫২ জন ফরাসী নাগরিক নিহত হলে ফ্রান্সের বিমান কর্তৃপক্ষ এই ব্ল্যাকলিস্ট তালিকা প্রনয়ণ করে।

একই সঙ্গে বেলজিয়াম মোবিলিটি মন্ত্রণালয় মোট নয়টি বিমানকে নিরাপত্তাজনিত কারণে তাদের বিমানবন্দর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

তাদের এই তালিকায় রয়েছে সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকের আফ্রিকা লাইন্স, মিশরের এয়ার মেমফিস, আর্মেনিয়ার এয়ার ভ্যান এয়ারলাইন্স, কঙ্গোর সেন্ট্রাল এয়ার এক্সপ্রেস, লিবিয়ার আইসিটিটিপিডব্লিউ, নাইজেরিয়ার ইন্টারন্যাশনাল এয়ার ট্যুরস লিমিটেড, ঘানার জনসন্স এয়ার লিমিটেড, রুয়ান্ডার সিলভারব্যাক কার্গো ফ্রেইটারস এবং ইউক্রেনের সাউথ এয়ারলাইন্স।