নিউইয়র্কে বৈঠকে বসতে যাচ্ছেন মোশাররফ-মনমোহন
চলমান শান্তি প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করতে পারমাণবিক শক্তিধর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ১৪ সেপ্টেম্বর নিউইয়র্কে বৈঠকে বসবেন।
মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ ও বন্দি সংক্রান্ত সচিব পর্যায়ের দিল্লী আলোচনার প্রাক্কালে এ ঘোষণা দেওয়া হল।
সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের বিশ্ব সম্মেলনের বাইরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে বৈঠকে মিলিত হবেন।
ভারতের রাজধানী নয়াদিল্লীতে এপ্রিলে দুই নেতার বৈঠকের পর এই প্রথম তারা আবার বৈঠকে বসতে যাচ্ছেন। ২০০৪ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়।
মনমোহন বলেন, পাকিস্তানের সাথে সংলাপের সময় কি ফলাফল বের হয়ে আসতে পারে সে সম্পর্কে পূর্বানুমান করা এখন আমার পক্ষে সম্ভব নয়। তবে যখন আমি প্রেসিডেন্ট মোশাররফের সাথে সাক্ষাৎ করব, তখন আমি কিছু জানাতে সক্ষম হব।
মনমোহন-মোশাররফ নিউইয়র্ক বৈঠকের পরপরই ‘কম্পোজিট ডায়ালগ’ নামে পরিচিত কর্মসূচির আওতায় দুই দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র, যুদ্ধাবস্থা এবং আন্তঃসীমান্ত বাণিজ্যসহ দ্বিপাক্ষিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় বসবেন।
দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে কয়েক দশক ধরে চলতে থাকা বৈরিতা ও কাশ্মির নিয়ে বাদানুবাদের নিরসনে শান্তি প্রক্রিয়া শুরু হয়।
ভারত ও পাকিস্তানের প্রত্যেকেই যদিও আংশিক কাশ্মিরের নিয়ন্ত্রণ করে আসছে, তারপরও উভয় পক্ষই কাশ্মিরের পূর্ণ মালিকানা দাবি করে।
এদিকে সোমবার থেকে শুরু হওয়া দুই দিনের নয়াদিল্লী বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। এর মধ্যে সর্বজিৎ সিংয়ের বন্দিত্বের বিষয়টিও আলোচিত হবে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর লাহোরে বোমা হামলার ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে সর্বজিৎ সিংয়ের বিরুদ্ধে আগস্ট মাসে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
পাকিস্তানের, সর্বজিৎ একজন ভারতীয় গুপ্তচর এবং ১৯৯০ সালের বোমা হামলার সাথে সে জড়িত।
