২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলে আত্মঘাতী বোমা হামলায় আহত ২১

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বিরসেবা শহরের কেন্দ্রস্থলে এক বাস ষ্টেশনে রোববার আত্মঘাতী বোমা হামলায় ২১ জন আহত হয়েছে, এরমধ্যে দু’জনের জখম মারাত্মক বলে ইসরাইলী কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 03:04 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় একটি বাসের বাইরে নিরাপত্তারক্ষীরা সন্দেহজনকভাবে একজনকে তল্লাসীর জন্য অগ্রসর হলে সে আত্মঘাতী বিষ্ফোরণ ঘটায়। ফলে ২ জন নিরাপত্তারক্ষী মারাত্মক আহত হয় বলে পুলিশ জানায়। পশ্চিমতীর ও গাজা থেকে ইসরাইলী সৈন্যদের প্রত্যাবর্তনের পর ফিলিস্তিনি গেরিলাদের এটাই প্রথম হামলা।

ইসরাইলী প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের কার্যালয়ের এক কর্মকর্তা গাজা ও পশ্চিমতীরের স্থাপনাগুলো থেকে ইসরাইলের সেন্য প্রত্যাহারের উল্লেখ করে বলেন, শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে ইসরাইল অঙ্গীকার অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ফিলিস্তিনিরা তা নেয় নি। এ ধরনের পদক্ষেপ ছাড়া কোন অগ্রগতি আসবে না।

অন্যদিকে এই হামলার ক‘ঘন্টা পরই গাজা-মিশর সীমান্তে মিশরীয় সৈন্য মোতায়েনের প্রস্তাবে ইসরাইলী ক্যাবিনেট ১৮-২ ভোটে তা অনুমোদন দেয়। এরফলে গাজা এলাকায় কয়েক দশক ধরে ইসরাইলী সৈন্যের উপস্থিতির অবসান ঘটল।