২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্নীদের মতামত উপেক্ষা করেই ইরাকের পার্লামেন্টে খসড়া সংবিধান গৃহীত

ইরাকের শিয়া সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট সদস্যরা খসড়া সংবিধান প্রণয়ন চূড়ান্ত করেছে। এদিকে সুন্নি সম্প্রদায় বলেছে, পার্লামেন্টে খসড়া সংবিধান উত্থাপনের মাধ্যমে গ্রহণ করা হলেও অক্টোবরের গণভোটে তা প্রত্যাখ্যান করা হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 09:15 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পার্লামেন্টে রোববার সুন্নি সম্প্রদায়ের মতামতকে উপেক্ষা করেই খসড়া সংবিধান গৃহীত হয়। অবশ্য ইরাকে সুন্নি সম্প্রদায় এখন আর বড় কোন রাজনৈতিক শক্তি নয়। সাদ্দাম হোসেনের পতনের সাথে সাথে তাদের আধিপত্যেরও পতন ঘটেছে।

খসড়া সংবিধান প্রণয়ন চূড়ান্ত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধানকে স্বাগত জানিয়েছে। সংবিধান প্রণয়নকে গণতন্ত্রের জন্য বড় বিজয় আখ্যায়িত করে ওয়াশিংটন বলেছে, এর ফলে ইরাকের অব্যাহত গেরিলা হামলা কমিয়ে আনা সম্ভব হবে।

তবে খসড়া সংবিধান চূড়ান্ত হলেও সুন্নি সম্প্রদায়ের বিরোধিতার মুখে অক্টোবরের গণভোটে তা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। ইরাকের ১৮টি প্রদেশের মধ্যে তিনটি প্রদেশই নিয়ন্ত্রণ করছে সুন্নিরা।

১৫ অক্টোবরের গণভোটে ‘হাঁ’ সূচক ভোট দেওয়ার জন্য প্রেসিডেন্ট জালাল তালাবানি ইরাকিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সাবেক কুর্দি গেরিলা নেতা তালাবানি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আশা করছি, সর্বস্তরের ইরাকিরা সংবিধানটিকে গ্রহণ করবে এবং এটি সবার জন্য কল্যাণকর হবে।

খসড়া সংবিধান প্রণয়ন কমিটিতে সুন্নি প্রতিনিধি দল বলেছে, পার্লামেন্টে যে খসড়া সংবিধান উত্থাপন করা হয়েছে, তারা তার বিরোধিতা করেছেন।

সুন্নি আরব নেতা হোসেন আল-ফাল্লুজি বলেন, খসড়া সংবিধান প্রশ্নে আমরা কোন ঐক্যমত্যে আসিনি। প্রথম দিন থেকে আমরা যেভাবে খসড়া সংবিধানের বিভিন্ন ধারা সম্পর্কে আপত্তি জানিয়ে এসেছি, তা আমরা অব্যাহত রেখেছি।

তিনি বলেন, ফলাফলে কোন জালিয়াতির ঘটনা না ঘটলে জনগণ মার্কিন সমর্থিত খসড়া সংবিধান প্রত্যাখ্যান করবে।

খসড়া সংবিধান পার্লামেন্টে উত্থাপিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বুশ সকলের প্রশংসা করেছেন। তবে সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, এর ফলে ইরাকে নতুন করে সহিংসতা বৃদ্ধি পেতে পারে।

বুশ বলেন, আমাদের মনে হচ্ছে, আগামী দিনগুলোতে সহিংসতা বৃদ্ধি পাবে। কেননা, ভোট প্রদান ও আইনের শাসন কার্যকর করার মধ্যে শত্রুদের পরাজয় নিহিত রয়েছে।

গণভোটের পর ডিসেম্বরে ইরাকের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।