ইরাক ইস্যুতে ধৈর্য্যধারণ করতে মার্কিনীদের প্রতি বুশের আহ্বান
ইরাকের বর্তমান পরিস্থিতির কারণে মার্কিন জনগণকে ধৈর্য্যধারণ করতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী দিনে আরও ত্যাগ স্বীকার করতে হতে পারে।
সাপ্তাহিক বেতার ভাষণে বুশ শনিবার বলেন, ইরাকে আমাদের প্রচেষ্টা ও মধ্যপ্রাচ্যের বৃহৎ স্বার্থে আরও সময়, ত্যাগ দরকার।
টেক্সাসে বুশের খামার বাড়ির সামনে কয়েকদিন ধরে যুদ্ধ-বিরোধীদের অব্যাহত প্রতিবাদের মাঝে বুশ এ কথা বলেন।
বুশ বলেন, দুই শতক আগে আমাদের দেশের প্রতিষ্ঠাতাদের মত, ইরাকিরা বেশ কিছু ইস্যুর কারণে কঠিন সময় অতিবাহিত করছে। তার একটি হচ্ছে ফেডারেল শাসন। তবে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে, ইরাকিরা বন্দুক নিয়ে এসব সমস্যার সমাধান করছে না। তারা আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে।
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৯০০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। আর এ কারণেই ইরাক যুদ্ধের অবসান ও সেখান থেকে সেনা প্রত্যাহারের দাবিতে মার্কিন প্রেসিডেন্টের উপর চাপ বাড়ছে।
সম্প্রতি পরিচালিত এক মতামত জরিপে দেখা গেছে, ইরাক যুদ্ধ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে অংশগ্রহণকারী ৫০ শতাংশ মার্কিন নাগরিক মনে করছেন। অধিকাংশ মার্কিনী বিশ্বাস করেন, ইরাক থেকে আংশিক অথবা সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার করা উচিত।
বুশের খামার বাড়ির বাইরে ইরাকে কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া এক মার্কিন সেনার মা সিন্ডি শিহানের যুদ্ধ-বিরোধী প্রতিবাদ বিক্ষোভের কারণে ইরাক যুদ্ধের বিপক্ষে জনমত বাড়ছে। পুত্র ক্যাসি (২৪) ২০০৪ সালে মারা যান।
শনিবার শিহানের পরিচালিত ‘ক্যাসি ক্যাম্প’ নামের যুদ্ধ-বিরোধী অভিযানে শত শত মার্কিন নাগরিক যোগদান করে।
