আবু গারিব কারাগার থেকে ১০০০ হাজার বন্দির মুক্তি
ইরাকের আবু গারিব কারাগার থেকে শনিবার প্রায় এক হাজার বন্দিকে মুক্তি দিয়েছে মার্কিন বাহিনী।
ইরাক সরকারের অনুরোধেই এসব বন্দিদের মুক্তি দেয়া হয়। এদিকে ইরাকের নতুন সংবিধান নিয়ে দ্বিধা বিভক্তি এখনও কাটেনি।
ইরাকের মার্কিন বাহিনীর মুখপাত্র লে. কর্ণেল স্টিভেন বয়লান বলেন, আমি জানি মুক্তি দেওয়া বন্দিদের সংখ্যা অনেক বেশি। তবে এর সাথে অন্য কিছুর সম্পর্ক আছে কিনা আমরা জানি না।
এর আগে দেশটির সুন্নি সম্প্রদায় সংবিধান প্রণয়নের আগে বন্দিদের মুক্তি দাবি করে। ইরাকের সংবিধান প্রণয়নকারীদের একজন হুসেইন আল ফালুজি বলেছেন, আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই। ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানির অফিসের একজন মুখপাত্র এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তবে মার্কিন বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, মুক্তি পাওয়া এসব বন্দিদের বেশিরভাগের বিরুদ্ধে তেমন বড় কোন অভিযোগ নেই।
এদিকে ইরাকের নতুন সংবিধান নিয়ে দ্বিধা বিভক্তি এখনও কাটেনি। সংবিধান প্রশ্নে সংখ্যাগরিষ্ঠ শিয়া মধ্যস্থতাকারীরা বলেছেন, সংবিধান প্রশ্নে তারা রাজি এবং এক্ষেত্রে তারা একটি চুক্তিতে পৌঁছেছে। তারা আরও বলেন, খসড়া অনুমোদনের জন্য আগামী দু’দিনের মধ্যে তা ইরাকি সংসদে উত্থাপন করা হবে।
এদিকে সংখ্যালঘু সুিন্ন আরবরা শিয়াদের সাথে দ্বিমত পোষণ করে বলেন, আলোচনা ছাড়া কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। তারা শিয়া ও কুর্দিদের স্বায়ত্ত্বশাসনের পরিকল্পনার বিরোধিতা করে আসছে।
শুক্রবার বাগদাদে সংবিধান ঘোষণার জন্য সাংবাদিক সম্মেলন ডাকা হলেও পরে তা বাতিল করা হয়।
ইরাকের একজন প্রধানমন্ত্রীর মুখপাত্র টেলিভিশনে সাক্ষাৎকারে বলেন, সবশেষে সংবিধানের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা জনগণের হাতে ছেড়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে চুক্তি হলেও অক্টোবরে গণভোটের মাধ্যমে বাতিলও হয়ে যেতে পারে।
ইরাকের সংবিধান বিষয়ক কমিটির চেয়ারম্যান শুক্রবার বলেন, সংবিধানের ভাষা চূড়ান্ত করার জন্য আগামী দু’দিনের মধ্যে তা জাতীয় সংসদে উত্থাপন করা হবে।
প্রজাতন্ত্রের বিষয়টি নিয়ে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। খসড়া সংবিধানে ইরাকি জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন তেমন একটা হয়নি বলে মন্তব্য করেছেন, ইরাকের ভাইস প্রেসিডেন্ট গাজী আল ইউয়ার।
