২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের খসড়া সংবিধান প্রণয়নে শিয়া ও সুন্নিরা সমঝোতায় আসতে পারেনি

ইরাকের সংবিধান নিয়ে শিয়া ও সুন্নি সম্প্রদায় আবারও ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার সময়সীমা শেষ হয়ে গেলেও তারা কোনও সমঝোতায় আসতে পারেনি। সংবিধান প্রণয়নে আলোচনার মেয়াদ চতুর্থবারের মত বাড়ানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 09:36 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় শুক্রবারও বৈঠক হবে বলে ইরাকের পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন।

কোন সমঝোতা ছাড়াই খসড়া সংবিধান প্রণয়নে বেধে দেওয়া তৃতীয় সময়সীমা পেরিয়ে যাওয়ার পর পার্লামেন্ট স্পিকার হাজিম হাসানি এ ঘোষণা দেন।

এর আগে প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছিলেন, খসড়া সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কিন্তু সুন্নি সম্প্রদায় এখনও ফেডারেল শাসনের বিরোধিতা করছেন। আর তাই কোন সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

হাসানি বলেন, আলোচনার ফলাফল যাই হোক না কেন, শিয়া ও কুর্দি সমর্থিত খসড়া সংবিধানটি অনুমোদনের জন্য অক্টোবরে গণভোটের ব্যবস্থা করা হবে।

এর আগে সোমবার পার্লামেন্ট সদস্যরা সমঝোতায় পৌঁছাতে তিনদিন সময় বাড়িয়ে দেন। বৃহস্পতিবার ওই সময়সীমা শেষ হয়ে যায়।

পার্লামেন্ট স্পিকার তার দেয়া সিদ্ধান্তকে খুবই কার্যকরী বলে জানিয়েছেন। তিনি বলেন, এটা একটা ভাল লক্ষণ। আমরা আশা করছি, শুক্রবার রাতের মধ্যে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব। শুক্রবারের আলোচনা হবে বলে হাসানি জানালেও নতুন কোন সময়সীমা বেধে দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

শিয়া ও কুর্দি প্রতিনিধিরা পুরো খসড়া সংবিধান নিয়েই ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন। আর এ কারণেই সুন্নিদের সমর্থন ছাড়াই খসড়া সংবিধান পার্লামেন্টে অনুমোদিত হতে পারে। খসড়া সংবিধান অনুমোদনের জন্য পার্লামেন্টে প্রয়োজনীয় আসন শিয়া ও কুর্দি সম্প্রদায়ের রয়েছে।

কিন্তু ইরাকের গেরিলা হামলা মোকাবিলা করার লক্ষ্যে সুন্নিদেরকে সংবিধান প্রণয়ন ও সরকারের অন্তর্ভূক্ত করার চেষ্টা করেছেন।

সুন্নিরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সংবিধানে ফেডারেশন ব্যবস্থা রাখা হলে উত্তর ইরাকে কুর্দিদের মত দক্ষিণ ইরাকে ইরান প্রভাবাধীন শিয়াদের আধিপত্য বৃদ্ধি পাবে। পাশাপাশি ওই অঞ্চলের লোভনীয় তেল সম্পদের ভাগাভাগির প্রশ্নে সুন্নিদের প্রভাব কমে যাবে।

সুন্নি মধ্যস্থতাকারী সালেহ আল-মুতলাক বলেছেন, নতুন ফেডারেল রাজ্য গঠনের প্রস্তাবের ক্ষেত্রে দুই বছর বিলম্বের যে কথা বলা হয়েছে, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আর এ কারণেই এ মুহূর্তে সমঝোতা হওয়ার সম্ভাবনা নেই।