নির্দ্দিষ্ট সময়সীমার মধ্যে সংবিধান রচনা করতে গিয়ে চাপের মুখে ইরাকি নেতারা
ইরাকের নতুন সংবিধান তৈরী করতে গিয়ে চাপের মুখে পড়েছেন দেশটির রাজনৈতিক নেতারা।
সোমবার ইরাকের সংসদ শিয়া, সুন্নী ও কুর্দি সমঝোতাকারীদের সংবিধানের ঝুলন্ত কয়েকটি বিষয়ে মতৈক্যের জন্য আরও তিনদিন সময় দিয়েছে।
ফেডারেল প্রদেশ প্রতিষ্ঠার ব্যাপারে সুন্নী আরব নেতারা বিরোধীতা করে আসছিল। এছাড়া ইরাকি তেল সম্পদ নিয়েও ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। বুধবার কুির্দ প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেন, কেবল মতৈক্যের মাধ্যমেই ইরাকের ভারসাম্য নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, এই সংবিধান কোন নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের জন্য নয়, এটি হবে সবার জন্য।
এই নিয়ে মোট তিন দফায় সময়সীমা বাড়ানো হলো। বৃহস্পতিবার সমঝোতাকারীদের আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। ইরাকী সংসদে শিয়া ও কুর্দিদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সুন্নী সর্মথন ছাড়াই বিল পাস হওয়া সম্ভবপর হলেও ইরাকে জঙ্গি কর্মকান্ডে সুন্নীরা জড়িত থাকায় এবং সংবিধানের আওতায় এনে তাদের মন জয় করাই হচ্ছে মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেন, ফেডারেল পদ্ধতিসহ ১৫৩টি বিষয়ের মধ্যে ১৫১টিতে মুসলিম সম্প্রদায়গুলো মতৈক্যে পৌঁছেছে। ফেডারেল সরকার পদ্ধতির বলে উত্তর ইরাকে কুর্দিদের মত দক্ষিণে শিয়াদের স্বায়ত্ত্বশাসন প্রতিষ্ঠা এবং সেসব তেল সমৃদ্ধ অঞ্চল থেকে আয়ের লভ্যাংশ ভাগাভাগি করে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে সুন্নী সম্প্রদায়।
