সন্ত্রাসের বিরুদ্ধে বুশের যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনব্যক্ত
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধের ব্যাপারে নিশ্চিত করে বলেছেন, এ যুদ্ধ থেকে ফিরে আসার কোন সুযোগ নেই।
বুধবার টেক্সাস রেঞ্চের বাইরে উতাহ ও ইদাহোতে তিন দিনের সফরকালীন সময়ে তিনি এ কথা বলেন। ন্যাশনাল গার্ড ট্রুপস এবং তাদের পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমি প্রেসিডেন্ট আছি ততক্ষণ পর্যন্ত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবো। যুদ্ধ বিরোধী প্রায় ১৫০ জন বিক্ষোভকারী এ সময় উপস্থিত ছিল।
তিনি ইরাক ও আফগানিস্তানের নিহত সৈন্যদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও সন্ত্রাস মোকাবেলায় গার্ড সদস্যদের চমৎকার পারদর্শিতার প্রশংসা করেন। প্রেসিডেন্ট হওয়ার পর কট্টর রিপাবলিকান প্রদেশে এটিই ছিল বুশের প্রথম সফর।
