পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত ইরানের সাথে নির্ধারিত বৈঠক বাতিল করেছে ইইউ
পারমাণবিক কর্মসূচি নিয়ে ৩১ আগস্ট ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সাথে ইরানের নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে।
আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার পর ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সাথে আলোচনার কথা ছিল।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি সচল করার মাধ্যমে ইরান ২০০৪ সালে পারমাণবিক কর্মসূচি স্থগিত সংক্রান্ত ইইউ-তেহরান সমঝোতা ভঙ্গ করেছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা চলতে থাকলে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হবে বলে জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, বিতর্কিত পারমাণবিক কর্মসূচি সচল করার কোন প্রমাণ না থাকলেও ইরানের এ ইস্যু নিয়ে ওয়াশিংটন চিন্তিত।
জুলাই মাসে সন্দেহজনক পারমাণবিক জ্বালানি উৎপাদন কর্মসূচি বন্ধ রাখার প্রতিশ্রুতির বিনিময়ে ইইউ ইরানকে অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তার নিশ্চয়তা সংক্রান্ত লোভনীয় প্যাকেজের প্রস্তাব দিয়েছিল। অবশ্য শক্তি উৎপাদনে পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা বলে ইরান সে প্রস্তাব গ্রহণ করেনি।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যঁ-বাপ্টিস্টে ম্যাট্টি বলেন, বৈঠক বাতিল করার সিদ্ধান্তের মানে এই নয় যে, ইরানের সাথে ইইউ’র কোন যোগাযোগ থাকবে না।
বৈঠক বাতিল করায় ইরানের শীর্ষ মধ্যস্থতাকারী হোসেন মুসাভিয়ান ইইউ’র সমালোচনা করেছেন। তিনি বলেন, ইরানের শান্তির জন্য পারমাণবিক গবেষণা পরিচালনার অধিকার প্রতিষ্ঠিত করতে ইইউ ব্যর্থ হয়েছে।
মুসাভিয়ান বলেন, জেনেভার বৈঠকে আমরা তিন ইইউ মন্ত্রীকে সরাসরি জানিয়েছিলাম, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ও ইসফাহানের পারমাণবিক কর্মসূচি সচল সংক্রান্ত কোন বিষয় ইইউ’র প্রস্তাবে উল্লেখ না থাকলে তেহরান প্রস্তাব প্রত্যাখ্যান করবে।
ইইউ’র বৈঠক বাতিল করার সিদ্ধান্তকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে।
