শান্তির পথ বেছে নিতে ইরাকি সুন্নিদের প্রতি বুশের আহ্বান
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকি সুন্নিদের প্রতি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরাকের সংখ্যালঘু সুন্নি আরব সম্প্রদায়কে শান্তি অথবা সহিংসতা-এই দু’টির মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে হবে।
নতুন খসড়া সংবিধান প্রণয়ন প্রশ্নে ঐকমত্যে পৌঁছার জন্য বুশ সুন্নি সম্প্রদায়কে শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানান। দ্বিতীয় দফা খসড়া সংবিধান প্রণয়নের সময়সীমা বাড়ানো হলেও সুন্নি সম্প্রদায়ের আপত্তির মুখে তা এখনও আলোর মুখ দেখেনি। বৃহস্পতিবার খসড়া সংবিধান পার্লামেন্টে উপস্থাপন করার কথা থাকলেও শিয়া, কুর্দি ও সুন্নি সম্প্রদায় সহসা কোন ঐকমত্যে পৌঁছাতে পারবে সে রকম কোন আলামত দেখা যাচ্ছে না।
সুন্নিদের অভিযোগ, খসড়া সংবিধানে তাদের স্বার্থ রক্ষিত হয়নি।
বুশ বলেন, ইরাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ অনেক দ্রুত ঘটছে। এটি পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে।
ইরাকে রাজনৈতিক অথবা সামরিক উপায়ে সফলতা লাভ করতে বুশ নিজ দেশেই চাপের মুখে রয়েছেন।
বুশ বলেন, সমঝোতায় পৌঁছার জন্য ইরাকের বিভিন্ন সম্প্রদায়গুলোর মধ্যে যে সংকট কাজ করছে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তিনি বলেন, আমরা একটি আশ্চর্যজনক ঘটনার উন্মোচন প্রত্যক্ষ করতে যাচ্ছি। আর সেটি হচ্ছে ইরাকের সংবিধান প্রণয়ন, যা সংখ্যালঘুদের অধিকার, নারী অধিকার ও ধর্মপালনের স্বাধীনতার অধিকার নিশ্চিত করবে।
তিনি বলেন, সুন্নিরা সংবিধান প্রত্যাখ্যান করার যে হুমকি দিচ্ছে, তা থেকে তাদের সরে আসা উচিত।
ভবিষ্যত সরকার গঠন ও ফেডারেল শাসন নিয়ে শিয়া সম্প্রদায়ের সাথে সুন্নিদের মত বিরোধ সংবিধান প্রণয়ন প্রক্রিয়াকে সংকটের মুখে ফেলে দিয়েছে।
বুশ বলেন, সুন্নিদের একটা উপায় বেছে নিতে হবে। তারা কি মুক্ত সমাজে, নাকি সহিংসতার মধ্যে বাস করতে চায়?
ইরাক জুড়ে যে সহিংস ঘটনা প্রতিদিনই ঘটছে তার পিছনে দেশটির সুন্নি সম্প্রদায়ের হাত রয়েছে বলে ধারনা করা হয়। আর এ কারণেই সংবিধান প্রণয়ন ও সরকারে তাদের অংশগ্রহণের মাধ্যমে সহিংসতা দমনের কথা ভাবা হচ্ছে।
সুন্নি সম্প্রদায়ের অনেক নেতাই ক্ষমতাচ্যুত সাদ্দাম সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।
বুশ ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে বলেন, ইরাক থেকে এখনই সেনা প্রত্যাহার করে নেওয়া হবে বড় ধরনের ভুল। ইরাক ও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারে যারা প্রচারণা চালিয়ে যাচ্ছে, তারা এমন একটি নীতি প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে দূর্বল করবে।
