ভারত সিটিজেন কার্ড চালু করছে
নিরাপত্তা ও অরক্ষিত সীমান্তে অনুপ্রবেশ বন্ধের লক্ষ্যে ভারত সীমান্তবর্তী জেলাগুলোতে সিটিজেন কার্ড চালু করতে যাচ্ছে।
এর আগে নির্বাচন কমিশন দেশব্যাপী পরিচয় পত্র বিতরণের কাজ শেষ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এই পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে সীমান্তবর্তী কয়েকটি জেলার ৩০ লাখ লোকের মধ্যে আমরা এ কার্ড পৌঁছে দিতে সক্ষম হব।
জাতীয় নাগরিকত্ব কার্ডে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় যেমন, স্বাস্থ্য বীমা এবং ব্যক্তিগত ব্যাংকিং রেকর্ডের তথ্যও অর্ন্তভূক্ত থাকবে। আইডি কার্ডে বায়োমেট্রিক পদ্ধতিতে বুড়ো আঙ্গুলের ছাপ এবং চোখের রেটিনার স্ক্যানও অর্ন্তভূক্ত থাকবে। বহুমুখী উদ্দেশ্যে ব্যবহৃত এ কার্ডে প্রতিটি লোকের ২০ ধরণের তথ্যাবলী একটি তথ্য চিপে সংরক্ষিত হবে।
পাইলট প্রকল্পের আওতায় ভারতের সীমান্তবর্তী যে সমস্ত জেলাকে তালিকাভূক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে-উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ, ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা, আসামের করিমগঞ্জ, জম্মু ও কাশ্মিরের কাথুয়া, গুজরাটের কুচ, রাজস্থানের জয়সালমির, উত্তরাখন্দের পিথুরাগড়, পন্ডিচেরী, অন্ধ্রপ্রদেশের মেদাক, তামিলনাড়ু রাজ্যের রামানাথপূরম, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, উত্তর গোয়া এবং দিল্লির উত্তর পশ্চিমাঞ্চলের জেলা নরেলা।
