সোনিয়া গান্ধীর যুক্তরাষ্ট্র সফর বাতিল
কংগ্রেস প্রেসিডেন্ট ও ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালাইন্স (ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া গান্ধীর মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করা হয়েছে।
ক্লিনটন ফাউন্ডেশন্স ক্লিনটন গ্লোবাল ইনিশিয়াটিভ-এর আমন্ত্রণে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সোনিয়া গান্ধীর মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। কিন্তু কংগ্রেস মঙ্গলবার সোনিয়ার সফরের অপরাগতার কথা জানিয়ে দেয়।
পার্টি নেতারা বলেন, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ও পার্টির মুখ্যমন্ত্রীদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক থাকার কারণে সোনিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যেতে পারছেন না।
সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশের সাথে বৈঠকের কথাও ক্লিনটন ফাউন্ডেশনের আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছিল। ক্লিনটন ফাউন্ডেশনের সৌজন্যে ১৫-১৭ সেপ্টেম্বর আয়োজিত কর্মশালা ও বৈঠকে সোনিয়ার উপস্থিত থাকার কথা ছিল।
ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস, ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক, জাতিসংঘ মহাসচিব কফি আনান ও মিডিয়া মোগল রুপার্ট মারডকের উপস্থিত থাকার কথা রয়েছে।
