২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা উপত্যকা থেকে সোমবারের মধ্যেই সকল ইসরাইলি বসতি প্রত্যাহার শেষ হবে

সরকারি নিদের্শ অমান্য করে যারা এখনও গাজা উপত্যকার ইসরাইলি বসতি ত্যাগ করেননি, তাদেরকে সোমবারের মধ্যে বসতি প্রত্যাহারে বাধ্য করা হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 08:56 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এর ফলে দখলকৃত ফিলিস্তিন এলাকায় ইসরাইলের প্রতিশ্রুত গাজা উপত্যকার সকল ইসরাইল বসতি প্রত্যাহার সম্পন্ন হবে।

ইসরাইলি সেনাবাহিনী নেতাজারিম বসতি এলাকা থেকে বসতি প্রত্যাহার করতে যাচ্ছে। সেনাবাহিনী আশা করছে, সেখানে তারা কোন প্রতিরোধের সম্মুখীন হবে না। গাজা প্রত্যাহার শুরু হবার পঞ্চম দিনের মধ্যে ইসরাইলি বসতি প্রত্যাহার এখন প্রায় শেষের দিকে।

গাজার ২১টি ইসরাইলি বসতি এলাকার ৮,৫০০ জন ইসরাইলিকে গাজা প্রত্যাহার পরিকল্পনার আওতায় সরিয়ে নেয়া হচ্ছে।

গাজা থেকে বসতি প্রত্যাহার সম্পন্ন হওয়ার পরপরই সেনাবাহিনী পশ্চিম তীরের দিকে নজর দেবে। পশ্চিম তীরের চারটি ইসরাইলি বসতি প্রত্যাহারের কথা রয়েছে। পশ্চিম তীরের বসতি উচ্ছেদ অভিযানের আগেই সেনাবাহিনী সেখানে পৌঁছে যাবে। মঙ্গলবার থেকে বসতি উচ্ছেদ শুরু হবে বলে সেনা সূত্র জানিয়েছে।

অবশ্য পশ্চিম তীরের দুইটি ইসরাইলি বসতির অধিকাংশ বাসিন্দা স্থান ত্যাগ করেছে। কিন্তু ২,০০০ ডানপন্থি ইসরাইলি সানুর ও হোমেশ এলাকায় বিক্ষোভ করতে সেখানে জমায়েত হয়েছে। সেখানে সেনাবাহিনীর সাথে তাদের সংঘর্ষ হতে পারে বলে অনেকে আশংকা করছে।

সামরিক কর্মকর্তারা বলেছেন, প্রতিবাদকারীদের অনেকের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং প্রয়োজনে তারা তা ব্যবহার করতে কুণ্ঠিত হবে না।

ইসরাইলি গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান অ্যামি আইয়ালন জানান, পশ্চিম তীরের ২৩০,০০০ বসতি স্থাপনকারীদের মধ্যে মাত্র আট শতাংশ ভয়ঙ্কর। তারা রাষ্ট্রের কর্তৃত্ব মানে না।