সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে মুসলমানদের প্রতি পোপের আহ্বান
পোপ বেনেডিক্ট ষোড়শ উগ্র সন্ত্রাসবাদ রুখতে মুসলমান সম্প্রদায়ের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন। জার্মানির কোলনে মুসলমান নেতাদের সাথে বৈঠকে পোপ এ কথা বলেন।
তিনি আরও বলেন, তরুণদের শিক্ষিত করে তোলা ইসলামী শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বৈঠক শেষে পোপ শহরের বাইরের একটি মাঠে উন্মুক্ত প্রার্থনায় বসেন। প্রায় সাত লাখ লোক প্রার্থনায় অংশ নেয় ।
রোববার মাতৃভূমি জার্মানিতে চারদিনের সফরে আসেন। সফরে তিনি জার্মানির ৩০ জন মুসলমান নেতার সাথে বৈঠক করেন। সন্ত্রাসের বিস্তৃতিকে ‘নব্য বর্বরতা’ বলে উল্লেখ করে তিনি মুসলমান ও খ্রিস্টানদের একসাথে কাজ করে সন্ত্রাস নিধনে ভূমিকা পালনের আহ্বান জানান।
ইতিহাসে খ্রিস্টান ও মুসলমান সম্প্রদায়ের যুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, এক সাথে নিষ্ঠুর বর্বরতার বিরুদ্ধে কাজের মাধ্যমে পৃথিবীতে শান্তি আনা সম্ভব।
জার্মানিতে প্রায় ৩৫ লাখ মুসলমানের বাস। এখানকার মুসলমানদের মধ্যে অধিকাংশই তুর্কি বংশোদ্ভূত।
এর আগে কোলনের সিনাগগে সফরকালে তিনি জার্মান ইহুদী নেতাদের সাথে সাক্ষাৎ করেন।
