২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেট নয়, ডাকতে হবে স্যার অথবা ম্যাডাম

অব্যাহত প্রতিবাদের কারণে অস্ট্রেলীয় পার্লামেন্ট সাম্য ও আলঙ্কারিক অর্থে ব্যবহৃত বহুল প্রচলিত ও জনপ্রিয় মেট শব্দ ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 12:52 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও মেটের জায়গায় স্যার বা ম্যাডাম উল্লেখ করতে নির্দেশ দেয়া হয়েছে।

বিভিন্ন সংবাদ সংস্থার ভাষ্য মতে, সরকারি অধিদপ্তরের এক প্রধানকে মেট বলে ডাকার পর তিনি এ বিষয়ে অভিযোগ করেন। আর এ অভিযোগের ভিত্তিতেই মেট ডাকের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

মেট ডাকার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও পার্লামেন্ট শুক্রবার এক সার্কুলারে পার্লামেন্ট সদস্য অথবা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মেট বলে না ডাকার জন্য পার্লামেন্ট স্টাফদের সতর্ক করে দিয়েছে। প্রয়োজন হলে নিজস্ব বুদ্ধি বিবেচনায় আনুষ্ঠানিক অন্যান্য শব্দ ব্যবহার করার কথা বলা হয়েছে।

অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড নিষেধাজ্ঞাকে বাস্তব সম্মত নয় বলে আখ্যায়িত করেছেন। অস্ট্রেলিয়ান রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে হাওয়ার্ড বলেন, এই মাত্র যাদের সাথে তুমি সাক্ষাৎ করেছ, তাদের সাথে কথোপকথনের শুরুর দিকে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করা যায়। কিন্তু পরিচিতি বেড়ে গেলে এক সময় কেউ কাউকে মেট বলে সম্বোধন করতে পারে।