২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা থেকে বসতি প্রত্যাহারের ঘটনায় উল্লাসিত আব্বাস, বসতি প্রত্যাহার এখনও চলছে

দখলকৃত গাজা উপত্যকা থেকে ইসরাইলি বসতি প্রত্যাহারের ঘটনায় ফিলিস্তিনের সাধারণ জনগণের মত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও উল্লাস প্রকাশ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 09:10 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

গাজার আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত উল্লাসিত ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে আব্বাস জানান, ইসরাইলি বসতি প্রত্যাহারের ঘটনা ঐতিহাসিকভাবে আনন্দময়। তবে সামনে যে কঠিন সময় আসছে সে ব্যাপারে আব্বাস ফিলিস্তিনিদের সতর্ক করে দিয়েছেন।

আব্বাস বলেন, পশ্চিম তীর ও জেরুজালেম থেকে ইসরাইলি বসতি প্রত্যাহারের ক্ষেত্রে গাজা প্রত্যাহার অগ্রদূত হয়ে থাকবে। তিনি সকল ফিলিস্তিনি নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আব্বাস বলেন, আজ ইসরাইলি সেনাবাহিনী স্থানত্যাগ করছে। আমাদের উচিত তাদেরকে স্থান ত্যাগ করতে দেয়া এবং তাদেরকে বসতি প্রত্যাহারে কোনও বিলম্ব করার সুযোগ না দেয়া।

আব্বাস আশা প্রকাশ করেন, বর্তমানে অব্যবহৃত বিমান বন্দর বিল্ডিংটি অল্প কিছুদিনের মধ্যে চলাচলের জন্য খুলে দেয়া হবে। এর ফলে গাজার সাথে পৃথিবীর যোগাযোগ প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, বিমান বন্দরে আমরা এখন দর্শনার্থী। আর আগামীকাল এখানে আমরা আসব ভ্রমণকারী হিসেবে। গাজায় ইসরাইলি দখলকালীন সময়ে সেনাবাহিনী যে সকল ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংস করেছিল, আব্বাস তা পুননির্মানের প্রতিশ্রুতি দিয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় গাজার রাফাহ এলাকায়ও ফিলিস্তিনিরা উল্লাস করেছে।

ইহুদিদের সাপ্তাহিক উপসনার দিন শনিবারের শাবাথ শেষ হয়ে যাওয়ার পর আপাতত স্থগিত গাজা থেকে অবশিষ্ট বসতি প্রত্যাহার পুনরায় ইসরাইলি সেনাবাহিনী শুরু করবে বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় শাবাথ প্রার্থনা সময়সীমা শুরু হওয়ার সাথে সাথে গাজা থেকে ডানপন্থি ইহুদিদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, বসতি প্রত্যাহারের ঘটনা প্রত্যাশিত সময়ের চেয়ে দ্রুত ঘটেছে। গাজা উপত্যকার ২১টি ইহুদি বসতি স্থাপনার মধ্যে আর মাত্র চারটি খালি করার বাকি রয়েছে।

সেনাবাহিনী শুক্রবার গাডিডের ছোট্ট বসতি স্থাপনায় অভিযান চালিয়ে বসতি প্রত্যাহার করেছে। এ সময় প্রতিবাদকারীরা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তা কফার ডারোম ও নেভি ডিকালিমের বৃহস্পতিবারের শক্ত প্রতিরোধের মত ছিল না।

কয়েকজন বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর বাস থেকে নেমে গাজা উপকূলে অবস্থিত ফিলিস্তিনি এলাকা মাওয়াসিতে পালিয়ে যায়। অবশ্য ইসরাইলি সেনারা পরে তাদেরকে আটক করতে সমর্থ হয়।

ইসরাইল গাজা উপত্যকা থেকে বসতি প্রত্যাহার করে নিলেও গাজার সমুদ্র ও আকাশসীমা তেল আবিব নিজের হাতে রাখবে বলে জানা গেছে। কেননা, ফিলিস্তিনি জঙ্গিদের কাছে এই দু’টি এলাকা দিয়ে ভারি অস্ত্র আমদানি করতে পারে এই ভয় থেকে ইসরাইলি সেনাবাহিনী এ দু’টি স্থানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে।

এদিকে সরিয়ে নেয়া ইসরাইলি বসতিতে ফিলিস্তিনিরা যেন প্রবেশ করতে না পারে সে জন্য সেনাবাহিনী এর চারপাশে পরিখা খনন শুরু করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত নিয়ন্ত্রণ হস্তান্তরের আগে সেনাবাহিনী সকল ইহুদি বসতি ধ্বংস করবে বলে জানিয়েছে। কেরিম আটজমোনার ইহুদি বসতি গুড়িয়ে দেয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।