২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ ও আনানের জন্য ১৯ আগস্ট পীড়াদায়ক একটি দিন

বাগদাদের জাতিসংঘ কম্পাউন্ডে আত্মঘাতী বোমা হামলায় অমানবিক হত্যাকাণ্ডের দুই বছর পূর্তিতে জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছেন, ১৯ আগস্ট জাতিসংঘ ও ব্যক্তিগতভাবে আমার জন্য বড়ই পীড়াদায়ক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 11:23 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

দিনটিকে স্মরণ করতে গিয়ে এক বার্তায় আনান বলেন, যাদেরকে আমরা হারিয়েছি তাদের ত্যাগকে স্মরণ করার মাধ্যমে বোমা হামলায় নিহতদের প্রতি সম্মান জানানোর সর্বোৎকৃষ্ট উপায়।

আনান বলেন, ওই বিভীষিকাময় দিনের আঘাত ও যন্ত্রণা নিহত, আহতের পরিবার-পরিজন ও জাতিসংঘ পরিবারের সকল সদস্য প্রতিদিনের সংগ্রামের সাথে বহন করে চলেছে।

২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত জাতিসংঘ কম্পাউন্ডে এক আত্মঘাতী ট্রাক বোমা বিস্ফোরণে ২২ জন জাতিসংঘ কমকর্তা-কর্মচারি নিহত হয়। নিহতদের মধ্যে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি সেরগিও ভিয়েরা ডি মেলোও ছিলেন।

আনান বলেন, বোমা হামলায় বেঁচে যাওয়া সৌভাগ্যবানরাও আঘাত ও আর মানসিক যন্ত্রণা নিয়ে সংগ্রাম করে বেঁচে আছেন। আর সুবিচার প্রতিষ্ঠিত না হওয়ার ব্যাপারটি সবাইকে পোড়াচ্ছে। তার ভাষায়, হামলাকারীরা বিচারের সম্মুখীন না হওয়ার বিষয়টি আরও পীড়াদায়ক। কেননা, এর ফলে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর উপর হামলার পরিমাণ বেড়েছে।

আনান আরও বলেন, ইরাকের জাতিসংঘ সহযোগিতা মিশন, আন্তর্জাতিক ও ইরাকি কর্মকর্তা-কর্মচারীরা যে সাহস ও ভয়ের মধ্যে দেশটির পুনর্গঠনের কাজ করে যাচ্ছে, আমি সেই সব নারী-পুরুষদের সাহসিকতার প্রশংসা করছি।