২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল টাইগাররা সরকারের সাথে স্থবির শান্তি আলোচনা আবারও শুরু করতে রাজি

শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী গেরিলা সংগঠন লিবারেশন টাইগার অব তামিল ইলম (এলটিটিই) কলম্বো সরকারের সাথে সরাসরি শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 09:26 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী লক্ষ্মণ কাদিরগামা নিহত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে এলটিটিই সরকারের সাথে শান্তি আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করল। রাজধানী কলম্বোতে সুরক্ষিত বাস ভবনের বাইরে বন্দুকধারীদের গুলিতে কাদিরগামা প্রাণ হারান।

২০০৩ সাল থেকে শান্তি আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর এই প্রথম দুই পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

নরওয়ের মধ্যস্ততাকারী সরকারÍএলটিটিই-এর মধ্যে আলোচনার উদ্যোগকে শান্তি প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন।

নরওয়ের ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী ভিডার হেলগেসেন বলেন, অস্ত্রবিরতি সমঝোতা বাস্তবায়ন করতে তামিল টাইগাররা সরকারের সাথে আলোচনা করতে রাজি হয়েছে।

আততায়ীর হাতে কাদিরগামার নিহত হওয়ার কারণে সরকার-এলটিটিই শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলে অনেকে মন্তব্য করেছিলেন।

কাদিরগামার হত্যাকাণ্ডের পর সরকার জরুরি অবস্থা জারি করে। জরুরি অবস্থার আওতায় সারা দেশে সেনা মোতায়েনের অনুমতি দেয়া হয়।

কাদিরগামার মৃত্যুর জন্য এলটিটিই’কে দায়ী করা হচ্ছে। আর এ কারণে শ্রীলঙ্কায় স্থিতিশীলতা বজায় রাখতে এলটিটিই’র উপর চাপও বাড়ছে। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার যেকোনও অভিযোগ ও সম্ভাবনা এলটিটিই অস্বীকার করেছে।

উত্তর ও পূর্ব শ্রীলঙ্কায় পৃথক তামিল রাষ্ট্রের দাবিতে এলটিটিই ১৯৮৩ সাল থেকে সরকারি বাহিনীর সাথে লড়াই করে আসছে।

কাদিরগামার হত্যাকাণ্ডের আগে এলটিটিই সামরিক, আধা-সামরিক বাহিনীর নিরস্ত্রীকরণ ব্যতিরেকে সরকারের সাথে আলোচনায় বসতে গেরিলা সংগঠনটি রাজি ছিল না।

আলোচনায় বসার ব্যাপারে এলটিটিই আগ্রহ প্রকাশ করলেও কবে ও কোথায় আলোচনা অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।