গাজা উপত্যকায় বসতি প্রত্যাহার অব্যাহত
গাজা উপতক্যায় ইহুদি বসতি প্রত্যাহার অভিযান অব্যাহত রয়েছে। যে সকল ইসরাইলি স্বেচ্ছায় বসতি প্রত্যাহার করতে রাজি নয় ইসরাইলি সেনাবাহিনী তাদের জোর করে বসতি প্রত্যাহারে বাধ্য করছে।
তবে বসতি সরিয়ে নেয়ার ব্যাপারে বড় ধরনের কোনও সহিংসতা ও বিক্ষোভের ঘটনা ঘটেনি।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গাজা উপত্যকার ডানপন্থি ইহুদিদের দু’টি বসতি স্থাপনা সেনা সদস্যরা খালি করতে সক্ষম হয়েছে।
বসতি প্রত্যাহারের দ্বিতীয় দিনে সেনাবাহিনী দক্ষিণাঞ্চলীয় গাজার নেভি ডিকালিম থেকে ডানপন্থি বসতি স্থাপনকারীদের বহিষ্কার করেছে। ডানপন্থি বসতি স্থাপনকারীরা বসতি প্রত্যাহারের অস্বীকৃতি জানানোর পাশাপাশি তারা বসতি প্রত্যাহারে সেনাবাহিনীর কাজে বাধা দিচ্ছিল।
বসতি প্রত্যাহার পরিকল্পনার বিরোধীরা সেনাবাহিনীর কাজে সংঘবদ্ধভাবে বাধা দিলেও তা সহিংসতায় রূপ নেয়নি। তবে জোরপূর্বক বসতি স্থাপনকারীদের বসতি প্রত্যাহারে সেনাবাহিনী বাধ্য করতে গেলে অনেক আবেগপূর্ণ দৃশ্যের অবতারণা হয়।
কফার দারোম এলাকায়ও সেনাবাহিনী বড় ধরনের প্রতিবাদের সম্মুখীন হয়েছে। তবে সেখান থেকেও শেষ পর্যন্ত তারা বসতি প্রত্যাহারে সফল হয়েছে।
বুধবারের মধ্যে স্বেচ্ছায় যারা বসতি প্রত্যাহার করতে রাজি হয়নি, তাদেরকে বসতি প্রত্যাহারে বাধ্য করতে বুধবার মধ্যরাত থেকেই ইসরাইলি সেনাবাহিনীর জোরপূর্বক বসতি প্রত্যাহার অভিযান চলছে।
হাজার হাজার সরকারি সেনা বৃহস্পতিবার ডানপন্থি ইহুদি বসতি স্থাপনকারীদের ও অন্যান্য এলাকা থেকে আসা প্রতিবাদকারীদের সরিয়ে নেয়।
নেভি ডিকালিমের ইহুদি উপাসনালয় সিনাগগে ডানপন্থি প্রতিবাদকারীরা মিলিত হয়েছিল, সেনাবাহিনী সেখান থেকেও প্রতিবাদকারীদের সরিয়ে নিয়েছে।
সেনাবাহিনী শিরাত হাইয়ামে অবস্থিত ডানপন্থিদের সবচেয়ে বড় বসতি স্থাপনায় অভিযান চালিয়েছে। তারা বসতি স্থাপনকারীদের জোরপূর্বক ঘর থেকে বের করে নিয়ে এসে বাসে তুলে দেয়।
এদিকে কফার ইয়াম এলাকায় সেনাবাহিনী বসতি প্রত্যাহার করতে গেলে বা করার চেষ্টা করলে এক ডানপন্থি অস্ত্রধারী ইহুদি গুলি চালানোর যে হুমকি দিয়েছিল, পুলিশের হস্তক্ষেপে সেখানে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়েছে।
ইসরাইলি সরকারি কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে গাজা উপত্যকার অধিকাংশ ইহুদি বসতি খালি করা হয়েছে। তাদের মতে, মাত্র ২৫ শতাংশ বসতি স্থাপনকারীরা এখনও রয়ে গেছে। খুব দ্রুত তাদেরকে প্রত্যাহার করে নেয়া হবে বলে তারা জানিয়েছে।
