গাজা উপত্যকার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বহিষ্কার শুরু করেছে সেনাবাহিনী
গাজা উপত্যকা থেকে বসতি প্রত্যাহার করতে যে সব ইসরায়েলি নাগরিক অস্বীকৃতি জানিয়েছে, ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনী তাদের জোরপূর্বক বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে।
বসতি প্রত্যাহারে অস্বীকৃতি জানানো ইহুদি বসতি স্থাপনকারীদেরকে বাড়ি, স্কুল ও সিনাগগ থেকে জোরপূর্বক ধরে নিয়ে এসে পুলিশ ও সেনাবাহিনী বাসে তুলে দেয়। এসময় অনেককে চোখের পানি ফেলতে ও ফুঁপিয়ে কাঁদতে দেখা গেছে।
গাজা প্রত্যাহারকে কেন্দ্র করে বুধবার বড় ধরনের সহিংস কোনও ঘটনা ঘটেনি। যদিও স্বেচ্ছায় গাজা ছেড়ে যাওয়ার সরকারি নির্দেশ অমান্য করে অনেকেই গাজায় রয়ে গেছেন। জোরপূর্বক তাদেরকে গাজা প্রত্যাহারে বাধ্য করার বুধবারই ছিল প্রথম দিন।
এদিকে উত্তরাঞ্চলীয় পশ্চিম তীর এলাকায় এক বসতি স্থাপনকারীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত ও বেশ কিছু লোক আহত হয়েছে। পশ্চিম তীরের শিলোহ শিল্প এলাকায় বসতি স্থাপনকারীটি এক ইসরায়েলি নিরাপত্তা কর্মীর কাছ থেকে তার আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে একদল ফিলিস্তিনি নাগরিককে লক্ষ করে এলোপাতাড়ি গুলি শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে। হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উভয়ই গুলির ঘটনার নিন্দা জানিয়েছেন এবং স্থিতিশীলতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, গাজা উপত্যকায় থেকে সব ক’টি ইসরাইলি বসতি প্রত্যাহার করতে ছয় দিনের মতো সময় লাগবে। এর আগে ছয় সপ্তাহ লাগতে পারে বলে বলা হয়েছিল। গাজায় ২১টি ইহুদি বসতি রয়েছে।
পুলিশ গাজা উপত্যকার সর্ববৃহৎ বসতি নেভি ডেকালিমের যারা এখনও বসতি প্রত্যাহার করেননি, তাদের বাড়ি বাড়ি গিয়ে বসতি প্রত্যাহারে রাজি করানোর চেষ্টা করেছেন। কেউ কেউ পুলিশের কথা সাড়া দিয়ে স্বেচ্ছায় বসতি প্রত্যাহার করে। আর বাকিদের জোরপূর্বক বাসে তুলতে হয়।
নেভি ডেকালিমের সর্বত্রই ছিল প্রতিবাদের দৃশ্য। গাজা উপত্যকার অন্যত্রও একই দৃশ্য দেখা গেছে।
বুধবার সন্ধ্যার মধ্যেই গাজা উপত্যকার আটটি এলাকার-তেল কাতিফা, বেডোলাহ, পিট সাডিহ, কেরিম আট্জমোনা, নিস্সানিট, ডিউগিট, মোরাগে ও স্লাভ-ইহুদি বসতি প্রত্যাহার করা হয়েছে। শিরাট হায়িমের বসতি স্থাপনায় অভিযান চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে।
গাজার আট হাজার পাঁচশ বসতি স্থাপনকারীদের অর্ধেকই বসতি প্রত্যাহার করতে অসম্মতি জানিয়েছেন। সেনাবাহিনী যেভাবে বসতি প্রত্যাহার অভিযান পরিচালনা করছে, প্রধানমন্ত্রী শ্যারন তার প্রশংসা করেছেন। তিনি বলেন, বসতি স্থাপনকারীদের অশ্রু তাকেও বিচলিত করে। তবে ক্ষোভে নিরাপত্তা বাহিনীর ওপর আক্রোশ প্রকাশ না করতে বসতি স্থাপনকারীদের শ্যারন সতর্ক করে দিয়েছেন।
টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে শ্যারন বলেন, পুলিশ ও সেনাদের ওপর আক্রমণ না করার জন্য আমি প্রতিটি ইসরায়েলি নাগরিকদের ওপর আহ্বান জানিয়েছি। তাদের কোনও দোষ দেওয়া বা তাদের কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা যাবে না বলে তিনি জানান। শ্যারন বলেন, আমাকে আক্রমণ কর। এর জন্য আমিই দায়ী। আমাকে আক্রমণ কর। আমাকেই দায়ী কর।
বসতি প্রত্যাহারের ঘটনায় ফিলিস্তিনি নাগরিকরা উদযাপন করছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রী নাসির আল-কিদওয়া বসতি প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন। তারপরও তিনি বলেছেন, বসতি প্রত্যাহার হলেও আইনগতভাবে ইসরায়েলের হাতে কার্যত নিয়ন্ত্রণ থেকেই যাবে। কেননা, ইসরাইল গাজার পানির উৎস ও আকাশসীমা নিয়ন্ত্রণ করছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক রিগেভ আশা প্রকাশ করে বলেছেন, দুই পক্ষ একটি সমঝোতার মাধ্যমে একটি শান্তি চুক্তিকে উপনীত হতে পারবে।
