সন্দেহভাজন বোমা হামলাকারীকে লন্ডনের কাছে অর্পণ করবে ইতালি
লন্ডনের ২১ জুলাইয়ের ব্যর্থ বোমা হামলার সাথে জড়িত সন্দেহে রোমে গ্রেপ্তারকৃত ওসমান হোসেনকে লন্ডনের কাছে অর্পণের পক্ষে ইতালির একটি আদালত রায় দিয়েছে।
হামদি আইজাক নামে পরিচিত ওসমান হোসেন (২৭) কে ৩৫ দিনের মধ্যে লন্ডনে পাঠানো হবে।
লন্ডনের পাতাল রেল ও বাসে ২১ জুলাইয়ের বোমা হামলার পর ২৯ জুলাই ওসমানকে রোমের একটি ফ্ল্যাট থেকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে লন্ডনের শেফার্ড’স বুশ টিউব স্টেশনে বোমা হামলা চেষ্টার অভিযোগ আনা হয়।
রোমে আটককৃত ওসমানকে জিজ্ঞাসাবাদ করতে স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাস-বিরোধী কর্মকর্তারা সেখানে গিয়েছেন। গ্রেপ্তারের পর থেকেই হোসেন কারাগারে বন্দি রয়েছে।
শেফার্ড’স বুশের পাতাল স্টেশনে বোমা হামলার সময় তাকে সেখানে দেখা গেছে। তারপরই ওসমান ইতালিতে পালিয়ে যায় বলে ধারনা করা হচ্ছে।
লন্ডনের বাসে ও পাতাল রেলে বোমা হামলার চেষ্টার অভিযোগে ইতিমধ্যে তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ইব্রাহিম মুক্তার সাঈদ (২৭), ইয়াসিন হাসান ওমর (২৪) ও রামজি মোহাম্মদকে (২৩) দক্ষিণ-পূর্ব লন্ডনের কড়া নিরাপত্তাধীন বালমার্শ কারাগারের বো স্ট্রিট ম্যাজিস্ট্রেটের সামনে আগস্ট মাসের প্রথম সপ্তাহে হাজির করা হয়।
তিন জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিস্ফোরক বহন করার অভিযোগ আনা হয়েছে।
