নতুন করে আবারও ইরাকে বন্দি নির্যাতনের অভিযোগ
ইরাকি বন্দিদের ওপর আবারও নতুন করে ব্রিটিশ সৈন্যদের নির্যাতনের অভিযোগ পাওয়া গিয়েছে। বসরায় বন্দি দুই ভাই মারহাব ও আসাদ আল সাগীর বলেছে, তাদেরকে প্রহার করা হয়েছে এবং পানি খেতে ও ঘুমাতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছে।
মাহরাব জাজ আল সাগীর বিবিসির টুজ নিউজ নাইট অনুষ্ঠানে বলেছেন, হাত-পা বাঁধা অবস্থায় তারা আমাকে নিচে নামিয়ে মেঝেতে ছুড়ে ফেলেছে এবং লাঠি দিয়ে পিটিয়েছে। এরপর শরীরের ওপর প্রস্রাব করা হয় বলে সে জানায়। হানি জাহৌস নামের অপর এক বন্দি বলেছে বিনা অভিযোগে তাকে দুমাসেরও বেশি সময় আটক রাখা হয়েছে। সেলের ভেতর তাকে চাবুক নিয়ে তাড়া করা হয়েছে এবং ঘুষি মারা হয়েছে। ইলেকট্রিক শকের ভয় দেখিয়ে বানরের মত শব্দ করতে বাধ্য করা হয়। উম কাসরের বন্দি শিবিরের এই নির্যাতন আর্ন্তজাতিক রেডক্রস সংস্থার রিপোর্টে উল্লেখিত নির্যাতনের সাথে মিলে গেছে বলে জানিয়েছে নিউজ নাইট।
অন্যদিকে মিনিষ্ট্রি অব ডিফেন্স, এম ও ডি বলেছে তারা শুধু তাদের কাছে দায়েরকৃত অভিযোগগুলোর তদন্ত করেছে। ব্রিটিশ সৈন্যদের নির্যাতনের ১৭৭টি তদন্তের মধ্যে ১৫৬টি পরবর্তী ব্যবস্থা গ্রহণ ছাড়াই বন্ধ করা হয়েছে।
এম ও ডির এক মুখপাত্র বলেছে, মৃত্যু, আহত হওয়া এবং বেসামরিক লোকজনের ওপর অভিযোগকৃত দুর্ব্যবহার তদন্তের জন্য আমাদের একটি শক্তিশালী ব্যবস্থা রয়েছে।
