২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান নিয়ে সমঝোতা

ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি মনে করেন, সোমবার নির্ধারিত সময়ের মধ্যেই নতুন সংবিধানের খসড়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য কাটিয়ে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানো যাবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 11:32 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

তালাবানি বলেন, ইরাকি রাজনীতিবিদরা অনেক মতপার্থক্য কাটিয়ে উঠেছেন কিন্ত সংবিধানে ইসলামের ভূমিকা এবং ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে এখনও কিছুটা আলোচনা বাকী রয়েছে। শিয়া মুসলিম প্রধান দক্ষিণ্ঞ্চালে ফেডারালিজমের দাবি নিয়েও কিছুটা বাক বিতন্ডা রয়েছে। সুন্নিরা স্বায়ত্তশাসনের জন্য উত্তরাঞ্চলে কুর্দিদের ১৪ বছরের দাবি মেনে নিলেও অন্য কোথাও তা কার্যকর করতে রাজি নয়।

মার্কিন রাষ্ট্রদূত ঝালমে খালিলজাদ এবং জাতিসংঘের প্রতিনিধি আশরাফ কাজী সুন্নি নেতাদের সাথে পৃথক পৃথকভাবে বসে সমঝোতা করতে চেষ্টা করেও ফেডারেল পদ্ধতি মেনে নিতে রাজি করাতে ব্যর্থ হয়েছেন।

ইরাকে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের কূটনৈতিকরা নির্ধারিত সময়ের মাত্র দু’দিন আগে নতুন সংবিধান মেনে নেওয়ার জন্য সুন্নী আরবদের উপর চাপ দিয়েছেন। শীর্ষ সুন্নি নেতারা বলেছেন, দেশকে বিভক্ত করতে পারে এমন কোন শর্ত তারা মেনে নেবে না।

কুর্দি নেতারা জানিয়েছেন, সুন্নিরা অনুমোদন দিক আর না দিক নির্দ্দিষ্ট সময়ের মধ্যেই সংবিধানের খসড়া পার্লামেন্টে উত্থাপন করা হবে।

সংবিধানের খসড়া ১৫ আগস্টের মধ্যে যাচাই বাছাইয়ের জন্য পার্লামেন্টে পেশ করতে হবে। আর এ নিয়ে জাতীয়ভিত্তিক গণভোট হওয়ার পরিকল্পনা রয়েছে অক্টোবরে। এরপরেই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।