ইরানের জন্য আলোচনার সকল দরজা খোলা : বুশ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের জন্য সব ধরনের আলোচনার দ্বার খোলা রয়েছে।
তিনি বলেন, কুটনৈতিক উপায়ে ইরানকে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে ফিরানো না গেলে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে বল প্রয়োগ করা হবে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইসরাইলী টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।
বুশ বলেন, সকল অবস্থাতেই আমরা কুটনৈতিকভাবে কাজ করতে চাই। সেজন্য আমরা কুটনৈতিক মাধ্যমকেই বেছে নিয়েছি। এখন দেখব আমরা সফল না ব্যর্থ হয়েছি।
ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আলোচনার টেবিলে ফিরে আসতে ইরানের জন্য সব ধরনের আলোচনার দ্বার খোলা। তিনি বলেন, এরপরও যদি ইরান আলোচনায় ফিরে না আসে তখন বল প্রয়োগ করা ছাড়া বিকল্প থাকবে না।
রাশিয়ার সাহায্যে ইরানের পরমাণু রিঅ্যাক্টর নির্মাণের ব্যাপারে যুক্তরাষ্ট্র অনুমতি দিয়েছে। তিনি বলেন, সর্বশেষ খবরে জানা গেছে রাশিয়া ইরানকে পরমাণু সমৃদ্ধকরণ বিষয়ে সহায়তা করছে। ইরান পরমাণু মুক্ত বিশ্ব চায় না।
প্রেসিডেন্ট বুশ বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য এক। উভয় দেশই ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে ব্যাপারে নিশ্চিত হতে চায়।
