প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পেরুতে অস্থিতিশীলতা বিরাজ করছে
পেরুর প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডো বৃহস্পতিবার মন্ত্রিসভার সকল সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। পদত্যাগকারী মন্ত্রীদের মধ্যে থেকে পরে কাকে কাকে মন্ত্রিসভায় রাখা হবে সে সম্পর্কে পরবর্তীতে তিনি তার মতামত জানাবেন বলে টলেডো জানিয়েছেন।
প্রধানমন্ত্রী কার্লোস ফেরেরো পদত্যাগ করার পর থেকেই সরকার বেশ বিপাকে রয়েছে। প্রেসিডেন্ট টলেডোর ঘনিষ্ঠ মিত্র ফার্নান্দো ওলিভেরাকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ায় সরকার আরো চাপের মুখে পড়েছে।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পরপরই গৃহায়ন ও পুনর্গঠন মন্ত্রী কার্লোস ব্র“স পদত্যাগ করেন।
কোকেন তৈরীর কাঁচামাল চাষ করার সরকারি সিদ্ধান্তের বৈধতা নিয়ে ফেরিরো ও ব্র“সের সাথে ওলিভেরার বাদানুবাদ হয়েছে। পেরু পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ কোকেইন উৎপাদনকারী দেশ।
পেরুর সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভার সকল সদস্যকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
নামকরা আইনজীবী ফেরিরো ২০০৩ সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অবশ্য কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করায় ফেরিরোকে অক্টোবরের প্রথমদিকে পদত্যাগ করতে হত। তারপরও পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ওলিভেরার নিয়োগের পরপরই ফেরিরোর পদত্যাগের ঘোষণা অনেককেই অবাক করেছে।
এখন পর্যন্ত ফেরিরোর উত্তরসূরী হিসেবে কারো নাম নিশ্চিত করা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পূর্ব পর্যন্ত ওলিভেরা স্পেনে পেরু সরকারের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। টলেডোর ২০০১ সালের প্রথম মন্ত্রিসভায় তিনি বিচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
টলেডোর নিজের রাজনৈতিক দল পেরু পসিবল পার্টিও ওলিভেরার নিয়োগের সমালোচনা করেছে।
