২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা পরিষদে পারমাণবিক কর্মসূচির বিষয়টি প্রেরণ না করতে ইরানের আহ্বান

ইরান বলেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করা হলে তা হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য বড় ভুল। জাতিসংঘের বন্ধ করে দেওয়া ইসফাহানের পারমাণবিক প্রকল্পের কার্যাবলী পুনরায় সচল করার পরই ইরান এ সতর্কতা জানাল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 10:00 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

ইইউভুক্ত দেশগুলো ভিয়েনায় জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়ে এক প্রস্তাব রেখেছে।

ইরানের প্রধান পারমাণবিক সমঝোতাকারী সাইরাস নাসেরি ভিয়েনার বৈঠকে বলেছেন, পারমাণবিক জ্বালানি উৎপন্ন করার অধিকার ইরানের রয়েছে। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প স্থগিত রাখা নিয়ে ইইউ’র সাথে তাদের যে আলোচনা চলছিল, তা ভেঙ্গে গিয়েছে বলে নাসেরি জানান।

নাসেরি বলেন, বিবাদের পথে গেলে তা হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য সবচেয়ে বড় ভুল। বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাওয়ার বৈধ কোনও ভিত্তি নেই। তারপরও যদি বিষয়টি সেখানে প্রেরণ করা হয় তাহলে তা হবে রাজনৈতিক কারণ এবং এটা হবে সবচেয়ে বড় ভুল।

ইইউ’র অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তার নিশ্চয়তা সংবলিত তথাকথিত লোভনীয় প্যাকেজ প্রত্যাখ্যান করে নাসেরি বলেন, ইইউ’র সাথে সংলাপের ওপর বর্তমানে অথবা ভবিষ্যতে কোনও আশা নেই। তার ভাষায়, পারমাণবিক প্রকল্প সচল করে যদিও ইরান কোনও আন্তর্জাতিক আইন ভঙ্গ করেনি, তবুও পশ্চিমা বিশ্ব বিশ্বাস করে, ভিয়েনার আলোচনা ভেঙে যাওয়ার জন্য তেহরানই মূলত দায়ী।

আইএইএ’তে মার্কিন মুখপাত্র ম্যাথু বোলান্ড জানিয়েছেন, জাতিসংঘ সিল ভঙ্গ করে পারমাণবিক প্রকল্প সচলই প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দেশটির কতটুকু সম্মান রয়েছে।

নাসেরি ম্যাথুর সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপের কয়েকটি দেশই শুধু পারমাণবিক জ্বালানি উৎপাদন করবে- এমন ধারণা পুরোপুরি ভুল।

ইইউ’র প্রস্তাবটি আইএইএ’র বোর্ডের বৃহস্পতিবারের বৈঠকে আবার উপস্থাপিত হবে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করা হবে কিনা সে ব্যাপারটি এখনও নিশ্চিত হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ’র বিশ্বাস শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পের আড়ালে ইরান পারমাণবিক বোমা উৎপাদনের চেষ্টা করছে। তবে ইরান তার ১৮ বছরের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প গোপন রাখার অজুহাতে পশ্চিমা বিশ্ব নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হতে পারে। সেক্ষেত্রে ইরানের ওপর জাতিসংঘ অবরোধ আরোপ করা হতে পারে।

ইরান তার পারমাণবিক প্রকল্পের বিষয়টি যে গোপন করে রেখেছে, নাসেরি তা স্বীকার করেছেন। তিনি বলেন, সতর্কতা হিসেবেই ইরান তা গোপন করেছে। ইরান যদি তা গোপন না করত তাহলে মার্কিন হামলায় তা এতদিনে ধ্বংস হয়ে যেত।