ব্রিটেনে ‘মদ্যপান আইন’ সংশোধন পরিকল্পনায় বিচারকদের সতর্কতা
পানশালাগুলোতে মদ্যপানের সময়সীমা বৃদ্ধি সরকারের পরিকল্পনা সম্পর্কে ব্রিটেনের বিচারকরা সতর্কতা জানিয়ে বলেছেন, এ আইন সংশোধনের ফলে ইংল্যান্ড ও ওয়েল্সে মদ্যপান সংক্রান্ত সহিংসতা ও অপরাধ বৃদ্ধি পাবে। তবে সরকারের যুক্তি আবার ভিন্ন।
ছয়শ’ বিচারকের সমন্বয়ে গঠিত কাউন্সিল অব সার্কিট জাজেস এক বিবৃতিতে জানায়, পানশালাগুলো যদি চলতি সময়ের তুলনায় আরও বেশি সময় খোলা রাখা হয়, তাহলে ধর্ষণ ও সংঘর্ষের মত অপরাধের পরিমাণ বাড়বে।
বিচারক চার্লস হ্যারিস কিউ সি বলেন, যারা অত্যাধিক মদ্যপান করে তারাই বেশি সহিংসতায় জড়িয়ে থাকে। আর তারা যদি পানের সুযোগ কম পান, তাহলে সহিংসতার পরিমাণও কমে যাবে।
ব্রিটিশ পরিবহন পুলিশ উপ--প্রধান এন্ডি ট্রটার বলেছেন, মদ্যপানের মেয়াদ বৃদ্ধি পেলে মদ্যপানজনিত সহিংসতা ও অপরাধ বৃদ্ধি পাবে।
এর আগে অ্যাসোসিয়েশন অব পুলিশ অফিসার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মদ্যপানের সাথে আইন--শৃঙ্খলার অবনতি ও রাত্রিকালীন সহিংসতার গভীর সম্পর্ক রয়েছে।
বিরোধী দল কনজারভেটিভ পার্টি নতুন আইন প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
তবে সরকারের যুক্তি, বেশি সময় পানশালা খোলা থাকলে গভীর রাতে মাতাল অবস্থায় অনেকে বাড়ির দিকে রওনা দেবে না এবং এর ফলে মদ্যপানজনিত অপরাধ ও সহিংসতা কমে যাবে।
নতুন সংশোধনী অনুযায়ী রাত এগারটার পরও পানশালাগুলো খোলা রাখা যাবে। ২৪ নভেম্বর থেকে নতুন এ আইন কার্যকর হবে।
ব্লেয়ার সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জেম্স পারনেল বলেন, নতুন আইন কার্যকর করতে সরকার পুলিশের সহযোগিতা চেয়েছে।
