চীনা বিমান পরিবহন সংস্থা ৪২টি বোয়িং কিনছে
চীনের চারটি বিমান পরিবহন সংস্থা ৪২টি মার্কিন বোয়িং বিমান ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এজন্য তাদের ওই মার্কিন কোম্পানিকে পাঁচশ’ কোটি চল্লিশ লাখ ডলার দিতে হবে। এয়ার চায়না ১৫টি, চায়না ইস্টার্ন ১৫টি, সাংহাই এয়ারলাইন্স নয়টি এবং জিয়ামেন এয়ারলাইন্স তিনটি বোয়িং ক্রয় করবে।
চীনের জাতীয় উন্নয়ন এবং পুনর্গঠন কমিশনের উপমন্ত্রী ঝাং জিয়াওকিয়াং বলেন, নতুন মডেলের ৭৮৭ এয়ারক্র্যাফট বাজারজাতকরণের জন্য চীন এবং যুক্তরাষ্ট্রের কোম্পানির মধ্যকার এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দু’দেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সর্ম্পক ভবিষ্যতে আরও প্রসারিত হবে।
তিনি বলেন, চীন বৃহৎ উন্নয়নশীল দেশ হিসেবে অর্থনৈতিক উন্নয়নের জন্যই দ্রুত বিমান পরিবহনের বিকাশ ঘটাচ্ছে।
খুব শিগগিরই তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বেসামরিক বিমান পরিবহন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
