ডাক বিভাগ বেসরকারিকরণে বাধা দিলে আগাম নির্বাচনের ঘোষণা দেবেন কোইজুমি
জাপানের ডাক বিভাগকে বেসরকারিকরণ করার প্রস্তাব সে দেশের সংসদে পাস করা না হলে প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি আগাম নির্বাচনের ঘোষণা দেবেন বলে হুমকি দিয়েছেন।
সোমবার সংসদের উচ্চ কক্ষে ডাক বিভাগ বেসরকারিকরণ সংক্রান্ত বিতর্কিত আইনে ভোট গ্রহণের কথা রয়েছে।
এ আইন পাস হলে জাপানি ডাকবিভাগ বিশ্বের সবচে বড় ব্যাংকে পরিণত হবে। কিন্তু এতে করে গ্রামীণ এলাকায় ডাক সেবা দুর্বল হয়ে পড়তে পারে বলে সরকারি কয়েকজন সাংসদ এ আইনের বিরোধিতা করেছেন। কোইজুমি ডাক বিভাগের এ সংস্কারে বদ্ধপরিকর। এ কারণে তিনি তার নিজ দলের সদস্যদের হুমকি দিয়ে দিয়ে বলেছেন, কেউ এর বিরোধিতা করলে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়া হবে।
জাপান ডাক বিভাগে প্রায় আড়াই লাখ লোক নিয়োজিত রয়েছে। একে বেসরকাররিকরণ করা হলে প্রতিষ্ঠানটি ইনস্যুরেন্সও বিক্রি করতে পারবে। কিন্তু গ্রামীণ পর্যায়ে তা সেবা প্রদান করতে পারবে বলে সন্দিহান সমালোচনাকারীরা। সেইসাথে গ্রামে অনেকেই ডাক মারফত ভোট প্রদান করে থাকে। ডাক বিভাগের সংস্কারের ফলে সেই সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন গ্রামবাসী ও রাজনৈতিক নেতারা।
