জাতিসংঘ ‘তেলের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির সাবেক প্রধানের পদত্যাগ
জাতিসংঘ ‘তেলের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির সাবেক প্রধান বেনন সিভান জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন। জাতিসংঘ মহাসচিব কফি আনানের সমালোচনা করে সিভান পদত্যাগের ঘোষণা দেন।
তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির অনিয়ম ও দুর্নীতি নিয়ে জাতিসংঘের তৃতীয় প্রতিবেদন প্রকাশের একদিন আগে সিভান পদত্যাগ করলেন।
তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৯০ সালের মাঝামাঝিতে ইরাকে জাতিসংঘের তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় তিনি অনিয়মের মাধ্যমে নগদ টাকা নিয়েছেন।
তবে সিভানের আইনজীবীরা বলেছেন, একটি কোম্পানিকে ঠিকাদারি দেয়ার বিনিময়ে সিভান অর্থ নিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। তাদের ভাষায়, অন্যায়ভাবে তাকে দুর্নীতির অভিযোগে জড়ানো হয়েছে।
জাতিসংঘের হয়ে চার দশক ধরে কাজ করা সিভান কফি আনানের কাছে ব্যক্তিগতভাবে লেখা এক চিঠিতে তার পদত্যাগের কথা জানান।
চিঠিতে সিভান লিখেছেন, আমি জানি আপনি (আনান) কতটা চাপের মধ্যে রয়েছেন। তবে রাজনৈতিক কারণে আমাকে ছাড় দিলে তা সমালোচনা হ্রাস করবে না অথবা আপনাকেও জাতিসংঘকে সহায়তা করবে না।
দুর্নীতির অভিযোগে সিভানকে ফেব্র“য়ারিতে বহি®কৃত করা হয়। তবে দুর্নীতি তদন্তে সহায়তা করার জন্য তাকে বার্ষিক এক ডলার বেতনে একটি নামমাত্র পদে নিয়োগ দেয়া হয়েছিল। তখন জাতিসংঘের স্বাধীন এক তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছিল, সিভান এক ঠিকাদারি কোম্পানির কাছ থেকে অর্থ নিয়েছেন।
চিঠিতে সিভান নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভুয়া। আপনি আমাকে অনেক বছর যাবত চেনেন। আর তাই আপনি নিজেও জানেন যে অভিযোগ কতটা অসত্য।
