লন্ডনের ২১ জুলাই ব্যর্থ হামলায় ওমরের বিরুদ্ধে অভিযোগ গঠন
লন্ডনের ২১ জুলাই বোমা হামলায় সন্দেহভাজন হামলাকারী ইয়াসিন ওমরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে নিরীহ যাত্রীদের হত্যার ষড়যন্ত্র ও বিস্ফোরক রাখার দায়ে অভিযোগ আনা হয়েছে।
সোমবার তাকে বো স্ট্রিট ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে যাওয়া হবে।
গত ২৭ জুলাই বার্মিংহামের ২৪ বছর বয়সী ইয়াসিন ওমরকে বার্মিংহাম থেকে আটক করা হয়।
২১ জুলাই তিনটি টিউব ট্রেন ও বাসে এই ব্যর্থ হামলা চালানো হয়।
২১ জুলাই সে বেআইনিভাবে তার কাছে অথবা তার নিয়ন্ত্রণে বিস্ফোরক রেখেছিল। ওই হামলায় সে যাত্রীদের হত্যার ষড়যন্ত্র করেছিল।
এদিকে বোমা হামলায় পুলিশকে তথ্য না দেওয়ার অভিযোগে শনিবার তিনজনকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় অভিযুক্ত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই তিন জন হল- সাদী আব্দুল গাদীর, ওমর নাগমিলন আল মকবুল এবং মোহাম্মদ খাবাশি।
তাদেরকে সেন্ট্রাল লন্ডনের আদালতে হাজির করা হয়।
ইতোমধ্যে ২১ জুলাইয়ের ব্যর্থ হামলায় পুলিশকে তথ্য না দেওয়ার অভিযোগে টেরোরিজম অ্যাক্ট ২০০০- এর আওতায় ছয়জনকে আটক করা হয়েছে।
অন্যরা হল-সন্দেহভাজন হামলাকারী ওসমান হোসেনের স্ত্রী ইয়াসিমেবেত গিরমা (২৮), বোন মুলেমবেত গিরমা (২১) এবং ইসলাম আব্দুর রহমান (২৩)।
৭ জুলাই লন্ডনের আত্মঘাতী হামলার দুই সপ্তাহ পর এই ব্যার্থ হামলা চালানো হয়। ৭ জুলাইয়ের আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হয়।
