ইরানকে দেয়া ইইউ’র পারমাণবিক প্রস্তাবকে ওয়াশিংটনের সমর্থন
পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানকে বেসামরিক প্রয়োজনে পারমাণবিক কর্মসূচি অব্যাহত, অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তার নিশ্চয়তা সংক্রান্ত যে প্রস্তাব দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার সে প্রস্তাবকে সমর্থন জানিয়েছে।
মার্কিন আন্ডার--সেক্রেটারি অব স্টেট নিকোলাস বার্নস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে, ইইউ’র দেয়া পারমাণবিক প্রস্তাব তেহরান গুরুত্বের সাথে গ্রহণ করবে।
নিকোলাস বলেন, স্থগিতকৃত পারমাণবিক কর্মসূচি সচল করতে তেহরান যে হুমকি দিয়েছে, আমি আশা করছি, তারা তাদের ঘোষণা কার্যকর করবে না। অব্যাহত আন্তর্জাতিক চাপের কারণে ২০০৪ সালের নভেম্বর থেকে ইরান তার পারমাণবিক কর্মসূচি স্থগিত রেখেছে।
নিকোলাস আরও বলেন, ইইউভূক্ত তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানকে যে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে, ওয়াশিংটন তাকে সমর্থন করে। বিবেচনার প্রশ্নে ইরানের জন্য এটি একটি ভালো প্রস্তাব। প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার জন্য আমরা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি।
যদিও আনুষ্ঠানিকভাবে ইরানকে দেয়া ৩০ পৃষ্ঠার ইইউ’র প্রস্তাব প্রকাশ করা হয়নি, তবে তার বিষয়বস্তু সম্পর্কে ধারনা পাওয়া গেছে। এ সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বেসামরিক প্রয়োজনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার মর্যাদা, অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তার নিশ্চয়তা, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ প্রদান এবং ইউরোপ ও রাশিয়া থেকে বিকল্প জ্বালানি সরবরাহের অনুমতির কথা প্রস্তাবে বলা হয়েছে।
প্রস্তাবের পরিবর্তে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রকল্প পরিত্যাগের ব্যাপারে ইরানকে নিশ্চয়তা প্রদানের কথাও বলা হয়েছে।
বেসামরিকই হোক অথবা সামরিকই হোক মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন তেহরানের যে কোন পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে এসেছে। ওয়াশিংটনের অভিযোগ, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে তেহরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে।
ইরান ইইউ’র প্রস্তাবের ব্যাপারে রোববার আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে। তবে প্রস্তাবটি যে তেহরান গ্রহণ করছে না, সে ব্যাপারে ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের পারমাণবিক মধ্যস্ততাকারী হোসেন মুসাভিয়ান বলেন, ইরান প্রস্তাবটি বিবেচনা করে রোববার জবাব দিতে পারে।
মুসাভিয়ান ইইউ’র প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইইউ ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে, বর্তমান প্রস্তাব সে চুক্তির স্পষ্ট লংঘন।
তিনি আরও বলেন, পারমাণবিক জ্বালানি উৎপাদন করার যে অধিকার পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তেহরান যে অধিকার অর্জন করেছে, বর্তমান প্রস্তাবে তা অস্বীকার করা হয়েছে।
